যশোরের মণিরামপুরে নির্বাচনী বিরোধের জেরে বিএনপির ৬ সমর্থককে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে বিজয়ী জামায়াত প্রার্থীর কর্মীদের বিরুদ্ধে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার জালঝাড়া মাদরাসা এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহতদের মধ্যে মঈন সরদার (৫৫) নামে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিজ্ঞাপন
গুরুতর আহত মঈন সরদার জালঝাড়া গ্রামের মৃত আজিজার সরদারের ছেলে। অপর আহতরা হলেন— একই গ্রামের আসাদুজ্জামান রিপন, মেহরাব হোসেন, মতিয়ার সরদার, ইয়াসিন আলী, আতিয়ার সরদার।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন জামায়াতে ইসলামীর কয়েকজন কর্মী-সমর্থক জালঝাড়া গ্রামে ঢুকে ভোটারদের নগদ টাকা দেওয়ার চেষ্টা করেন। সে সময় মঈন সরদারসহ স্থানীয় কয়েকজন তাদের ধাওয়া দিয়ে গ্রাম থেকে বের করে দেন। নির্বাচনে এই আসনে জামায়াত সমর্থিত প্রার্থী গাজী এনামুল হক বিজয়ী হওয়ার পর আজ সকালে বিজয়ীরা প্রতিশোধ নিতে এই হামলা চালায়।
প্রত্যক্ষদর্শী মাসুম বিল্লাহ জানান, সকালে মঈন সরদারসহ কয়েকজন জালঝাড়া মাদরাসার সামনে গেলে জামায়াত সমর্থক অ্যাডভোকেট ওয়াদুদের নেতৃত্বে শহীদ, বোরহান ও এনামুলসহ একদল লোক জিআই পাইপ নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। আহতদের প্রথমে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে মঈন সরদারের মাথায় ও শরীরে গুরুতর জখম থাকায় উন্নত চিকিৎসার জন্য তাকে যশোরে স্থানান্তর করা হয়েছে।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান জানান, ঘটনার খবর পাওয়া মাত্রই এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। ভুক্তভোগীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিনিধি/টিবি

