ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সকাল থেকেই নওগাঁর বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের ভিড় দেখা গেছে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে দীর্ঘ হতে থাকে ভোটারদের সারি।
তবে সকাল থেকেই কেন্দ্রগুলোতে নারী-পুরুষ নির্বিশেষে ভোটারদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার অপেক্ষা করতে দেখা যায়। পুরুষ ভোটারদের পাশাপাশি মহিলা ভোটারদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। ভোট দিতে পেরে তারাও উচ্ছ্বসিত।
বিজ্ঞাপন
নওগাঁর রাণীনগর উপজেলার সরকারি মডেল পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে বেলা ১১টায় নারীদের দীর্ঘ লাইন দেখা গেছে
।
এ সময় ভোটারদের সঙ্গে কথা হলে তারা জানান, দীর্ঘদিন পর উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারা তাদের জন্য আনন্দের। তাই সকাল সকাল ভোটকেন্দ্রে এসে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার পাশাপাশি গণভোটেও অংশ নিচ্ছেন তারা।
আরও পড়ুন
প্রথম ভোটার হিসেবে ভোট দিতে এসেছেন সুরাইয়া। তিনি বলেন, প্রথমবারের মতো ভোট দিচ্ছি। আমার খুবই আনন্দ লাগছে। আগে কখনো ভোট দিইনি। এবার প্রথমবারের মতো ভোট দিচ্ছি। প্রথমবারেই একসাথে দুই ভোট দিলাম। যাকে যোগ্য মনে হচ্ছে, তাকেই ভোট দেব।
৩০ বছর বয়সি সুফিযা বেগম ভোট দিয়ে বলেন, এর আগের নির্বাচনে কেন্দ্রে ভোট দিতে আসলে দিতে পারিনি। আসলে বলা হতো আপনার ভোট হয়ে গেছে। এবারই প্রথম ভোট দিলাম কোনো ধরনের সমস্যা ছাড়াই। ভোট দিতে পেরে খুব ভালো লাগছে। ভোটের পরিবেশ খুব ভালো আছে।

জেলা রিটার্নিং কার্যালয় সূত্রে জানা যায়, নওগাঁর ৬টি আসনে বিএনপি, জামাত, স্বতন্ত্রসহ বিভিন্ন রাজনৈতিক দলের ৩২ জন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই ছয়টি আসনে ৭৮২টি ভোটকেন্দ্রে ৩ হাজার ১১০টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ৬টি আসনে ভোটার রয়েছে ২৩ লাখ ২৯ হাজার ৫৯২ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ১১ লাখ ৫৯ হাজার ৭৬৪ জন এবং নারী ভোটার রয়েছে ১১ লাখ ৬৯ হাজার ৮০৭ জন। এদের মধ্যে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে মোট ২১ জন।
প্রতিনিধি/এসএস

