বরগুনার-২ আসনের সাবেক এমপি গোলাম সারওয়ার হিরু দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বেলা তিনটার দিকে বরগুনার পাথরঘাটা পৌর সভার ৯ নম্বর ওয়ার্ডে তার নিজ বাসার সামনে এ ঘটনা ঘটেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার উপ-পরিদর্শক (এএসআই) জাহাঙ্গীর হোসেন।
স্থানী সূত্রে জানা যায়, গোলাম সরোয়ার হিরু দুপুরের খাবার খেয়ে বাসা থেকে বাজারের উদ্দেশে বের হলে তার বাসার সামনেই দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। এতে তার শরীরের বিভিন্ন অংশ রক্তাক্ত হয়। এসময় ঘটনাস্থলে জামায়াতের একটি মিছিল আসলে তারা হিরুকে উদ্ধার করে বাসায় পৌছে দেয়। এসময় দুর্বৃত্তরা পালিয়ে যায়।
আহত গোলাম সরোয়ার হিরু জানান, আমি পাথরঘাটা বাজারে যাওয়ার সময় তিন-চার জন দুর্বৃত্ত এসে আমাকে লোহার পাইপ দিয়ে এলোপাথাড়ি মারধর করে। এতে আমার শরীরের বিভিন্ন অংশে ক্ষত হয়েছে। নিরাপত্তার স্বার্থে বাসায় চিকিৎসক এনে চিকিৎসা নিচ্ছি।
পাথরঘাটা থানা পুলিশের উপ পরিদর্শক মো. জাহাঙ্গীর হোসেন জানান, ঘটনার পরপরই সরেজমিন পরিদর্শন করে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছি। এছাড়াও দায়িত্বরত নৌবাহিনী, বিজিবি ও পুলিশ ঘটনাস্থল প্রদর্শন করেছে।
উল্লেখ্য, গোলাম সরোয়ার হিরু বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য। তিনি ১৯৯৬ সালে ইসলামী ঐক্যজোটের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে তিনি বিএনপি, আওয়ামী লীগ ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক দলে যুক্ত ছিলেন। ২০১৩ সালে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে উপনির্বাচনে অংশ নিয়ে দ্বিতীয় স্থান অর্জন করেন। ২০২৩ সালে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করে বিতর্কের সৃষ্টি করেন। তার রাজনৈতিক জীবন দল পরিবর্তন ও বিতর্কিত কর্মকাণ্ডের জন্য পরিচিত।
প্রতিনিধি/এসএস




