লক্ষ্মীপুর শহরে নির্বাচনী আলাদা গণমিছিলে বিএনপি ও জামায়াতের দুই কর্মীর মৃত্যু হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার অরুপ পাল বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন— লক্ষ্মীপুর পৌরসভার উত্তর বাঞ্চানগর এলাকার বিএনপিকর্মী ওবায়দুল হক (৪৫) ও জামায়াতকর্মী আবদুর শহিদ।
দলীয় সূত্র জানায়, সোমবার বিকেলে পৌর শহরের উপকণ্ঠে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে জামায়াত প্রার্থী রেজাউল করিমের গণমিছিল হয়। সেখানে আবদুর শহিদসহ বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। এরমধ্যে নেতাকর্মীদের ভিড়ে আবদুর শহিদ অসুস্থ হয়ে পড়েন। এছাড়া সন্ধ্যায় একই আসনের বিএনপির প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির গণমিছিল হয়। এতে বিএনপিকর্মী ওবায়দুল হক অসুস্থ হয়ে পড়েন।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার অরুপ পাল বলেন, আলাদা দুই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়। আসার পথেই তাদের মৃত্যু হয়েছে। তারা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।
প্রতিনিধি/টিবি




