বান্দরবানের চারটি উপজেলার ১২টি দুর্গম ও যোগাযোগ বিচ্ছিন্ন ভোটকেন্দ্রে হেলিকপটারযোগে নির্বাচনি পাঠানো হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এসব কেন্দ্রে নিরাপদ ও সময় মতো সরঞ্জাম পৌঁছে দিতে এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়।
রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুর থেকে স্ব স্ব উপজেলা থেকে হেলিকপ্টারের মাধ্যমে কেন্দ্রগুলোতে ব্যালট বক্স, ব্যালটপেপারসহ প্রয়োজনীয় নির্বাচনি সামগ্রী পাঠানো হয়।

হেলিকপটারযোগে সরঞ্জাম পাঠানো ভোট কেন্দ্রগুলো হলো- রোয়াংছড়ি উপজেলার রোনিনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রুমা উপজেলার নুন থিয়ার হেডম্যানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাকনিয়ারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চিংলকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, থানচি উপজেলার দলিয়ানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রেমাক্রিবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড় মদক সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছোট মদকবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, তিন্দু গ্রুপিংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাইথোয়াইহ্লা কারবারিপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, জিন্নাপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এবং আলীকদম উপজেলার কমচঙ ইয়ুংছা মাওরুমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
আরও পড়ুন
বিষয়টি নিশ্চিত করে বান্দরবান জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শামীম আরা রিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান ৩০০ নং আসনে ১৮৬টি ভোটকেন্দ্রের মধ্যে ১২টি ভোটকেন্দ্রে হেলিকপ্টারের সাহায্যে নির্বাচনি সরঞ্জাম পাঠানো হচ্ছে। ইতোমধ্যেই এসব সরঞ্জাম পৌঁছানো হয়েছে। বান্দরবানে একটি সুন্দর পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান-৩০০ সংসদীয় আসনে লড়ছেন চারজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী। এরা হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতীকে রাজপুত্র সাচিং প্রু জেরী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে শাপলা কলি প্রতীকে আবু সাঈদ মো. সুজাউদ্দিন, জাতীয় পার্টি (কাদের) থেকে লাঙ্গল প্রতীকে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু জাফর মো. ওয়ালীউল্লাহ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে হাতপাখা প্রতীকে মাওলানা মো. আবুল কালাম আজাদ।
রোববার থানচি বিজিবি হেলিপ্যাড থেকে নির্বাচনি সরঞ্জাম পাঠানো হয় দুর্গম এলাকার ভোটকেন্দ্রে।
প্রতিনিধি/এসএস




