ফরিদপুরের বোয়ালমারী থেকে ৪০ রাউন্ড ৭.৬২ মি.মি. অ্যামোনিশন উদ্ধার করা হয়েছে।
রোববার (৯ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে গোপন সংবাদদের ভিত্তিতে অভিযান চালিয়ে বোয়ালমারীর কালিয়ান্দোর এক দোকানের সামনে ৭.৬২x৩৯ মিমি অ্যামোনিশন এর দুটি প্যাকেট (২০x২=৪০ রাউন্ড) উদ্ধার করে বলে সেনাবাহিনীর জেলা মিডিয়া সেল থেকে জানানো হয়েছে।
সেনা সূত্র জানায়, সংবাদ পাওয়ার পরপরই বোয়ালমারী আর্মি ক্যাম্প স্থানীয় পুলিশের সহযোগিতায় ওই গোলাবারুদ সংগ্রহের জন্য একটি যৌথ অভিযান পরিচালনা করে। ধারণা করা হচ্ছে, এই অ্যামোনিশনগুলো ২০২৪ সালের ০৫ আগস্টে কোনো পুলিশ স্টেশন থেকে হারানো বা লুট হওয়া সেই সব গোলাবারুদের একটি অংশ।
সেনা সূত্রে আরও জানা যায়, সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা বাস্তবায়নে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদক, চাঁদাবাজি ও অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছে সেনাবাহিনী। অপরাধ দমনে সেনা ক্যাম্পসমূহকে প্রয়োজনীয় তথ্য প্রদানের মাধ্যমে সহায়তা করার জন্য সকল নাগরিককে আহ্বান জানানো হয়েছে।
প্রতিনিধি/টিবি




