গাজীপুরের টঙ্গীতে চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে এক মা ও তার দুই বছর বয়সি সন্তান নিহত হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে টঙ্গী পূর্ব থানাধীন শিলমুন এলাকায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহতরা হলেন, লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার বলেরহাট গ্রামের ইমাম হোসেনের মেয়ে।
মোসা. জান্নাতী (২৬), এবং তার দুই বছর বয়সি ছেলে জুনায়েদ। নিহত জান্নাতী তার স্বামী শামীম হোসেনকে নিয়ে বর্তমানে গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার তিস্তারগেইট এলাকায় নূরুল ইসলামের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে টঙ্গীর শিলমুন এলাকায় আকিজ বেকারির পেছনে রেলওয়ে লাইনে হাঁটার সময় ঢাকা-ভৈরবগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে জান্নাতী ও তার শিশুসন্তান মারা যান। ঘটনাটি স্থানীয়রা তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশের একটি দল ও রেলওয়ে পুলিশ (জিআরপি) দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ রহিমা আক্তার জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে অপমৃত্যুর মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিনিধি/এসএস

