বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান বলেছেন, ‘ভোটের দিন আগে ভোট পরে নাস্তা৷ ফজরের নামাজ আদায় করে কেন্দ্রে চলে যাবেন।’
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে চট্রগ্রাম মিরসরাই উপজেলার ধুম ইউনিয়নের বাংলাবাজারে নির্বাচনি সমাবেশে নেতাকর্মীদের উদ্দেশে একথা বলেন তিনি।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, ‘নিজের ভোট দিয়ে পরিবারের সদস্যদের ভোট নিশ্চিত করে কেন্দ্রের বাইরে পাহারায় থাকবেন। কোনো অশুভ শক্তি যেন কেন্দ্রে ভর করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখবেন।’
নুরুল আমিন বলেন, ‘ভিন্ন দলের কাউকে বাড়িতে প্রবেশ করতে দিবেন না, কারণ তারা শান্তি নষ্ট করবে। তাই প্রতিবেশীদের ভোট নিশ্চিত করবেন।’
তিনি আরও বলেন, ‘জান্নাত-জাহান্নামের মালিক আল্লাহ। তিনি বান্দার ভাগ্য নির্ধারণ করবেন। অথচ কেউ কেউ জান্নাতের টিকিট বিক্রির নামে মানুষের ঈমান নিয়ে ব্যবসা করছে। এটা শিরকের শামিল। তাই সবাইকে সচেতন থাকতে হবে, যেন কেউ ঈমান বিক্রি করতে না পারে।’
মিরসরাই উপজেলা যুবদলের সাবেক আহবায়ক শাহীনুল ইসলাম স্বপনের সভাপতিত্ব এবং ধুম ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মেজবাউল আলম মানিক ও সদস্য সচিব মোজাম্মেল হোসেনের যৌথভাবে সমাবেশে সঞ্চালনা করেন।
এতে বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো. নুরুল আমিন, মিরসরাই উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল আউয়াল চৌধুরী, সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মো. ইয়াহিয়া, চট্টগ্রাম উত্তর জেলা ওলামা দলের আহবায়ক মাওলানা জমির উদ্দিন, চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাহিদুল আফসার ভুইয়া জুয়েল, চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল প্রমুখ।
সমাবেশ শেষে বাংলা বাজারে ধানের শীষ প্রতীকের সমর্থনে প্রার্থী নুরুল আমিনের নেতৃত্বে মিছিল বের হয়।
এএম

