আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারাভিযানে আজ বুধবার বরিশাল আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। প্রায় দুই দশক পরে তিনি বরিশালে সফর করছেন। তারেক রহমানের আগমন ঘিরে বরিশালসহ বিভাগের ৬ জেলায় এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তারেক রহমানকে সরাসরি দেখার অপেক্ষায় পিরোজপুর জেলার কয়েক হাজার নেতাকর্মীরা।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বরিশালের জনসভায় যোগ দিতে পিরোজপুর থেকে সড়ক ও নৌপথে জেলার প্রায় ২০ হাজার নেতাকর্মী বরিশালের উদ্দেশে রওনা হয়েছেন। দুই দশক পর সরাসরি তারেক রহমানকে দেখতে আগ্রহের শেষ নেই তৃণমূলের নেতাকর্মীদের।
বিজ্ঞাপন
সরেজমিনে দেখা যায়, আজ সকাল থেকে পিরোজপুর সিও অফিস চত্বর থেকে প্রায় ৬০টি বাসে করে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী বরিশালে উদ্দেশে রওনা হয়েছেন। এছাড়াও, বরিশালের জনসভায় যোগ দিতে গতকাল বিকেল থেকে পিরোজপুরের অন্যান্য উপজেলার প্রায় কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক বিভিন্ন যানবাহনে বরিশালে উদ্দেশে রওনা দিয়েছেন।

জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত জানান, দীর্ঘ দুই দশক পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন। তাকে সরাসরি দেখার অপেক্ষায় বরিশাল বিভাগের মানুষ। আমাদের পিরোজপুর থেকে ১৫০টি বাস এবং অন্যান্য যানবাহনে প্রায় ২০ হাজার নেতাকর্মীরা বরিশালের জনসভায় যোগ দিতে রওনা হয়েছেন। অনেকেই গতকাল বিকেলে বরিশালে গিয়েছেন। দলীয়ভাবে ও ব্যক্তিগত উদ্যোগেও যাচ্ছেন। সভা শেষে ফিরে সবাই আবার নির্বাচনি কাজ শুরু করবেন। তারেক রহমানের বরিশাল আগমন আমাদের নির্বাচনি কাজে আরও উৎসাহ প্রদান করবে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস

