২০ বছর পর নির্বাচনি প্রচারণায় আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) বরিশালের বেলসপার্কের জনসভায় বক্তৃতা দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এখানে তিনি নির্বাচনি রূপরেখা ও বরিশালের উন্নয়নে পরিকল্পনা নিয়ে বক্তৃতা দেবেন। তাই জনসমাবেশে যোগ দিতে ইতোমধ্যে জেলা-উপজেলার হাজার হাজার নেতাকর্মীসহ জনসাধারণ বেলস পার্কে জড়ো হয়েছে।
কেউ কেউ ফজরের নামাজ পড়েই মাঠের জায়গা দখল করে আছেন একনজর তারেক রহমানকে দেখবে বলে।
বিজ্ঞাপন
আজ বুধবার দুপুর ১২টায় এই ঐতিহাসিক মাঠে নির্বাচনি জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। এই জনসমাবেশে বরিশাল বিভাগের ২১টি আসনের বিএনপি ও মিত্র জোটের প্রার্থীরা উপস্থিত থাকবেন।

বাবুগঞ্জ থানার জাহাঙ্গীর নগর ইউনিয়ন থেকে জনসমাবেশে আসা মহিলা দল নেত্রী নাজমা বলেন, তারেক রহমানকে দেখতে একদিন আগে বরিশাল এসে এক আত্মীয়ের বাসায় উঠেছেন। তারপর ফজরের নামাজ পড়ে মঞ্চের সামনে অবস্থান নিয়েছেন।
পিরোজপুরের নেছারাবাদ থেকে ভোরে লঞ্চে করে আসা যুবদল কর্মী সাইদুল ইসলাম বলেন, আমাদের নেতা শহরে আসছেন, আমরা ঘরে থাকি কীভাবে? দেশ গঠনে তিনি আজ আমাদের দিক নির্দেশনা দেবেন। তার নির্দেশনায় আমরা স্বপ্নের দেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করব।

বানারীপাড়ার কৃষক আবদুল মোতালেব বলেন, তারেক রহমানকে দেখতে জনসমাবেশে এসেছি। কিন্তু এতো মানুষের মধ্যে তাকে দেখতে পারব কিনা জানি না।

সর্বশেষ ২০০৮ সালে এই মাঠে নির্বাচনি জনসভা করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। দীর্ঘ ১৬ বছর পর সেই একই মাঠে এবার দলটির পরবর্তী প্রজন্মের কাণ্ডারি তারেক রহমানের আগমনে দক্ষিণাঞ্চলে উৎসবের আমেজ বিরাজ করছে।

দলীয় কর্মসূচি অনুযায়ী, বেলা ১১টায় ঢাকা থেকে হেলিকপটারযোগে বরিশাল পৌঁছাবেন তারেক রহমান। দুপুর ১২টায় সমাবেশে যোগ দিয়ে ১টার দিকে তিনি ফরিদপুরের উদ্দেশে রওনা হবেন।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার হাত ধরে বরিশালে যে উন্নয়ন হয়েছে, তারেক রহমান সেই ধারাকে পূর্ণতা দেবেন। তাকে ঘিরে দক্ষিণাঞ্চলের মানুষের প্রত্যাশা অনেক।

উল্লেখ্য, তারেক রহমান সর্বশেষ ২০০৬ সালে সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে বরিশাল সফর করেছিলেন।
প্রতিনিধি/এসএস

