নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে দেশ আবারও বিপদের মুখে পড়বে বলে সতর্ক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, দীর্ঘ ত্যাগ ও সংগ্রামের বিনিময়ে অর্জিত এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক সিদ্ধান্ত নেওয়া গেলে আগামী পাঁচ বছরে বাংলাদেশকে শান্তিপূর্ণ ও স্থিতিশীল অবস্থায় নিয়ে যাওয়া সম্ভব হবে। এই নির্বাচন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারি, তাহলে আগামী পাঁচ বছরে দেশকে শান্তিপূর্ণ ও স্থিতিশীল পথে এগিয়ে নিতে পারব। আর ভুল সিদ্ধান্ত নিলে আমরা আবার আগের মতো বিপদে পড়ব।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় ঠাকুরগাঁও পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত এক নির্বাচনি গণসংযোগে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, গত ১৫ বছর ধরে আমাদের আন্দোলন-সংগ্রাম করতে হয়েছে। ভোটাধিকার আদায়ের জন্য অনেক ত্যাগ স্বীকার ও মূল্য দিতে হয়েছে। শুধু জুলাই মাসেই প্রায় দুই হাজার তরুণ প্রাণ দিয়েছে। এত ত্যাগের পরেই আমরা এই নির্বাচন পেয়েছি।

বিজ্ঞাপন
একাত্তরের চেতনা নিয়ে কথা বলতে গিয়ে বিএনপি মহাসচিব বলেন, একাত্তরের স্বাধীনতাই আমাদের অস্তিত্ব, কিন্তু একটি গোষ্ঠী একাত্তরকে পেছনে ঠেলে দিতে চায়। একাত্তরকে পিছিয়ে ফেললে আমি আমার অস্তিত্বই হারিয়ে ফেলব।
ফখরুল বলেন, একাত্তর আমাদের একটি নতুন দেশ ও ভূখণ্ড দিয়েছে। আমাদের সামনে বেঁচে থাকার, এগিয়ে যাওয়ার এবং সন্তানদের সুন্দর ভবিষ্যৎ গড়ার সুযোগ সৃষ্টি করেছে। এটি আমাদের জন্য অত্যন্ত জরুরি।

তিনি অভিযোগ করে বলেন, দুর্ভাগ্যজনকভাবে একটি গোষ্ঠী একাত্তরের চেতনাকে পেছনে ফেলতে চায়। কিন্তু একাত্তরই আমাদের মূল অস্তিত্ব। এই চেতনাকে ধারণ করেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে।
এ সময় তিনি আরও বলেন, ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, মিথ্যাচার চালানো হচ্ছে এসব বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকতে হবে।
প্রতিনিধি/এসএস

