বগুড়ার দুপচাঁচিয়ায় নির্মাণকাজ চলা অবস্থায় একটি হিমাগারের ছাদ ধসে আমিনুল ইসলাম (৩০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪ শ্রমিক আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
রোববার (১ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার চামরুল ইউনিয়নের খনিহারা এলাকায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত শ্রমিক আমিনুল ইসলাম রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার বাসিন্দা। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের নাম পরিচয় এখনও জানা যায়নি।
আরও পড়ুন
ফায়ার সার্ভিস সূত্র জানায়, খনিহারা গ্রামে ম্যাক ফেয়ার নামে একটি হিমাগারে ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। রোববার রাত ৮টার পর কাজ চলা অবস্থায় ছাদ ধসে পড়ে। এ সময় সেখানে থাকা শ্রমিকরা ধসে পড়া ছাদের নিচে চাপা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা চারজনকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেন। আহতদের শরীরের বিভিন্ন জায়গায় জখম হয়েছে। রাত দশটায় ধসে পড়া ভবনের পলেস্তারা ও বিম সরিয়ে আমিনুলের মরদেহ উদ্ধার করা হয়৷ ঘটনার পর থেকে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ গাঁ ঢাকা দিয়েছে৷

বিজ্ঞাপন
বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক শরীফুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মনে হয়েছে কর্তৃপক্ষের অবহেলা এ দুর্ঘটনা সংঘটিত হয়েছে।
প্রতিনিধি/এসএস

