মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

ছেলের দাওয়ের কোপে প্রাণ গেল মায়ের

জেলা প্রতিনিধি, ঝালকাঠি
প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৪ এএম

শেয়ার করুন:

ছেলের দাওয়ের কোপে প্রাণ গেল মায়ের

ঝালকাঠিতে এক নারীকে তার মাদকাসক্ত ছেলে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

রোববার (১ ফেব্রুয়ারি) সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের বৈদারাপুর মোল্লা বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নারীর নাম শেফালী বেগম (৬২)। তিনি ওই গ্রামের আহম্মদ খানের স্ত্রী। অভিযুক্ত ছেলে সাগর খান (৩২) ঘটনার পর পুলিশ গিয়ে তাকে আটক করে। ঘাতক সাগর তিন ভাইবোনের মধ্যে সবার ছোট।

পুলিশ ও স্থানীয় জানায়, নেশাগ্রস্ত হওয়ায় কিছুদিন ধরে সাগর মানসিক সমস্যায় ভুগছিলেন। পরিবারের সবার সঙ্গে সে অস্বাভাবিক আচরণ করতেন। প্রায়ই সে তার মাকে মারধর করতেন। রোববার দুপুরে মায়ের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এ সময় দাও দিয়ে কুপিয়ে মাকে হত্যা করে। আশপাশের লোকজন ছুটে এসে শেফালী বেগমকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে থানা পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে।

প্রতিবেশী নান্নু খান দুপুর ১টা ৩০ মিনিটের দিকে বিষয়টি জানতে পেরে ঝালকাঠি সদর থানা পুলিশকে খবর দেন। সাগর মানসিক রোগে আক্রান্ত ছিলেন এবং আগে থেকেই অস্বাভাবিক আচরণ করতেন।

ঝালকাঠি সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. বেলায়েত হোসেন জানান, নিহত শেফালী বেগমের মরদেহ প্রাথমিকভাবে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পরপরই ঘাতক ছেলে সাগরকে আটক করা হয়েছে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর