মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ঢাকা

তীব্র শীতে জবুথবু পঞ্চগড়ের জনজীবন

জেলা প্রতিনিধি, পঞ্চগড়
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৫, ০৯:৩১ এএম

শেয়ার করুন:

তীব্র শীতে জবুথুবু পঞ্চগড়ের জনজীবন

পঞ্চগড়ে দুইদিন ধরে উত্তর-পশ্চিম দিক থেকে বয়ে আসা হিমশীতল ঠান্ডা কনকনে বাতাস আর ঘনকুয়াশায় ঢেকে আছে এলাকা। এ জেলায় তাপমাত্রা ১১ থেকে ১২ এর মধ্যে উঠানামা করছে। দিনের তাপমাত্রাও কমেছে, বাড়ছে শীতের প্রকোপ। কনকনে শীতে দুর্ভোগে আছেন খেটে খাওয়া মানুষ। বিশেষ করে ভোর থেকে মাঠে কাজ করা শ্রমিকদের বেশি দুর্ভোগে পরতে হয়।

সপ্তাহজুড়ে দিনের তাপমাত্রা (সর্বোচ্চ তাপমাত্রা) ২৩ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রেকর্ড করা হচ্ছে। সামনের দিকে তাপমাত্রা আরও কমে শুরু হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

সোমবার (২২ ডিসেম্বর) সকাল ৯টায় সর্বনিম্ন ১২ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। এ-সময় বাতাসের আর্দ্রতা পরিমাণ ৯৭ শতাংশ ছিল। দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস।

সকালে জেলার বিভিন্ন এলাকা ঘুরে ঘন কুয়াশায় দেখা গেছে। শীতপ্রবণ এলাকা হিসেবে পরিচিত উত্তরের এ জেলায় কুয়াশার সঙ্গেই বাড়ছে শীতের প্রকোপ। প্রতিদিন বিকেলের পর থেকে শুরু হয় কুয়াশা। রাতভর বৃষ্টির মত কুয়াশা ঝড়ে। পরদিন সকাল ১২টা পর্যন্ত ঘনকুয়াশায় ঢেকে থাকে পুরো এলাকা। দিনের আলোতেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করে যানবাহন।

উপজেলা সদরের মমিনপাড়া এলাকার কৃষক নুরে আলম সিদ্দিকী বলেন, সন্ধ্যার পর থেকে বাতাস আর কুয়াশা শুরু হয়। সকালে ক্ষেতে কাজ করতে অসুবিধা হয়। তবে সকাল ১১টা পর থেকে রোদের কারণে শীত কেটে যায়। কয়েক দিনের মধ্যে শীত আরও বাড়বে। শীতে আমাদের খুব কষ্ট হয়।

এদিকে, শীত প্রকোপ বাড়ায় শিশু ও বয়স্কদের মধ্যে ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাবও বাড়ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর সংখ্যা গত সপ্তাহের তুলনায় বেড়েছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা। বিশেষ করে নিউমোনিয়া, হাঁপানি ও সর্দি-কাশির রোগী বেশি আসছেন।

 

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, আজ সোমবার সকাল ৯টায় সর্বনিম্ন ১২ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। প্রায় ১৫ দিন থেকে তাপমাত্রা ৯ এবং ১২ এর মধ্যেই ওঠানামা করছে। ধীরে ধীরে সর্বোচ্চ তাপমাত্রা কমছে। রোববার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। আগামী সপ্তাহের তাপমাত্রা আরও কমতে পারে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর