শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ঢাকা

পঞ্চগড়ে হাড়কাঁপানো শীত, বিপাকে নিম্নআয়ের মানুষ

জেলা প্রতিনিধি, পঞ্চগড়
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৩ এএম

শেয়ার করুন:

পঞ্চগড়ে হাড়কাঁপানো শীত, বিপাকে নিম্নআয়ের মানুষ

হিমালয়-কাঞ্চনজঙ্ঘা পর্বতের কাছাকাছি অবস্থান হওয়ায় হিমেল বাতাসে তীব্র শীত অনুভূত হচ্ছে উত্তরের জেলা পঞ্চগড়ে। তীব্র শীতে এ জনপদে আবারও তাপমাত্রা ১৪ ডিগ্রি থেকে কমে ১২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে গেছে। গতরাত থেকে ঘনকুয়াশা আর হিমশীতল বাতাসের কারণে হাড় কাঁপানো শীত অনুভূত হচ্ছে।

রোববার (২১ ডিসেম্বর) সকাল ৯টায় সর্বনিম্ন ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। এসময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ৯৯ শতাংশ ছিল। 

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বিষয়টি নিশ্চিত করেন।

সরেজমিনে দেখা গেছে, উত্তর-পশ্চিম দিক থেকে বয়ে আসা হিমশীতল ঠান্ডা বাতাস আর ঘন কুয়াশায় ভোগান্তিতে পড়েছেন পঞ্চগড়ের খেটে খাওয়া নিম্নআয়ের মানুষ। এর সঙ্গে বয়ে চলা উত্তরের হিমেল হাওয়া আর ঘন কুয়াশার কারণে বিভিন্ন সড়কে ধীরগতিতে যান চলাচল করতে দেখা গেছে। কিছু কিছু যানবাহন হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। জীবিকার তাগিদে সাত সকালেই বের হয়েছেন শ্রমজীবী মানুষেরা। ঘন কুয়াশায় সড়ক-মহাসড়কে বিঘ্নিত হয়েছে যানবাহন চলাচল। কনকনে তীব্র শীতে বিপাকে পড়েছেন ছিন্নমূল, খেটে খাওয়া, দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ। 

মিজানুর রহমান নামের এক পাথর শ্রমিক বলেন, প্রতিদিন সকালে বরফ গলা ঠান্ডা পানিতে নেমে পাথর উত্তোলন করতে খুবই কষ্ট হচ্ছে। আজকে মনে হচ্ছে তীব্র শীতে হাত-পা ঠান্ডা হয়ে যাচ্ছে। যেন বরফ পড়ছে। তারপরও থেমে নেই কাজ। পরিবারের কথা চিন্তা করেই বাধ্য হয়েই কাজ করতে হয়।

এদিকে, তীব্র শীত আর কুয়াশার কারণে চরম দুর্ভোগে পড়েছেন শিশু ও বৃদ্ধারা। প্রতিনিয়তই সর্দি, কাশি, নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হচ্ছেন তারা।

জেলার প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, পঞ্চগড়ের তেঁতুলিয়া হিমেল বাতাস আর ঘন কুয়াশায় তীব্র শীত অনুভূত হচ্ছে। আজ রোববার (২১ ডিসেম্বর) সকাল ৯টায় সর্বনিম্ন ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা গতকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৪.৩ ডিগ্রি সেলসিয়াস। তবে সামনে দিকে তাপমাত্রা আরো কমতে পারে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর