শরীয়তপুরের ডামুড্যা উপজেলার কাঠপট্টি এলাকায় পরিচালিত খাদ্য নিরাপত্তা অভিযানে ‘ভাই ভাই বেকারি ও অপূর্ব মিষ্টি মেলা’-তে অনিয়ম ও ভেজাল খাদ্যের প্রমাণ মিলেছে। এরই ভিত্তিতে মোবাইল কোর্ট বেকারির মালিককে ১ লাখ টাকা জরিমানা করে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. নাছির উদ্দীন। অভিযানে সার্বিক সহযোগিতা করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা সুব্রত ভট্টাচার্য, ডামুড্যা উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক আলেয়া বেগম এবং পুলিশ ও আনসার সদস্যরা।
বিজ্ঞাপন

অভিযান দল জানায়, বেকারিতে উৎপাদিত বিভিন্ন খাদ্যপণ্যে অনুমোদনহীন ও ক্ষতিকর রং ব্যবহার করা হচ্ছিল। পাশাপাশি পচা ডিম দিয়ে বেকারিপণ্য তৈরি, সম্পূর্ণ নোংরা পরিবেশে উৎপাদন এবং যথাযথ নিবন্ধন ছাড়াই ব্যবসা পরিচালনার মতো একাধিক গুরুতর অনিয়ম পাওয়া যায়।
নিরাপদ খাদ্য আইন-২০১৩ লঙ্ঘনের এসব অপরাধের দায়ে প্রতিষ্ঠানটির মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং অনুমোদনহীন সব ভেজাল রং জব্দ ও ধ্বংস করা হয়।
বিজ্ঞাপন

অভিযান শেষে দায়িত্বশীল কর্মকর্তারা জানান, ভোক্তার স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে ডামুড্যা ও আশপাশের এলাকায় খাদ্য নিরাপত্তা অভিযান আরও জোরদার করা হবে। জনস্বার্থে এ ধরনের তৎপরতা নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
প্রতিনিধি/এসএস

