চার ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নিলেন জামালপুরের বকশীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগর। বৃহস্পতিবার দুপুর ৩টায় জামালপুর জেলা কারাগার থেকে মুক্তি পেয়ে তিনি পুলিশ পাহারায় জানাজায় অংশ নেন। জানাজা শেষে বিকেল ৬টার দিকে তাঁকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়। নজরুলের বড় ভাই ছামিউল হক সওদাগর ছানু পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ছিলেন।
শেষ বারের মতো ভাইয়ের মুখ দেখা ও জানাজায় অংশ নিতে পরিবারের পক্ষ থেকে নজরুলের জন্য জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন জানানো হয়েছিল। এরপর আদালতের নির্দেশে পুলিশ পাহারায় নজরুল ইসলাম সওদাগরকে বকশীগঞ্জ পৌর এলাকার সওদাগর পাড়ায় নেওয়া হয়।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ প্যারোলে মুক্তির বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের নির্দেশে সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগর তার বড় ভাইয়ের জানাজায় অংশ নেওয়ার সুযোগ পান। জানাজা শেষে তাঁকে নির্ধারিত সময়েই আবার কারাগারে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
গত বছরের ১২ আগস্ট রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে নজরুল ইসলাম সওদাগরকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানে রিপন হত্যার ও নাশকতার মামলা রয়েছে।
প্রতিনিধি/ক.ম/

