কক্সবাজারের চকরিয়ায় ভাতিজার লাথিতে চাচার মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ভাতিজাকে আটক করেছে পুলিশ। তবে তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে পিটুনি দেওয়ার ঘটনা ঘটেছে।
বুধবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলার কাকারা ইউনিয়নের সাকের মোহাম্মদ চর এলাকায় এ ঘটনা ঘটে
বিজ্ঞাপন
নিহত ব্যক্তির নাম মোহাম্মদ কালু (৮০)। তিনি ওই এলাকার মৃত মকবুল আলীর ছেলে। আর অভিযুক্ত ভাতিজার নাম আলী আহমদ (৬০)। জমি নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, পারিবারিক জমি নিয়ে মোহাম্মদ কালুর সঙ্গে আলী আহমদের বিরোধ ছিল। আজ সকালে জমি নিয়ে দুজনের মধ্যে তর্কাতর্কি হয়, এক পর্যায়ে আলী আহমদ চাচা মোহাম্মদ কালুর বুকে লাথি দেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন
এ ঘটনা জানাজানি হওয়ার পর স্থানীয় লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশও সেখানে উপস্থিত হয়। একপর্যায়ে পুলিশ আলী আহমদকে আটক করে নিয়ে যেতে চাইলে মোহাম্মদ কালুর স্বজনেরা আলী আহমদকে ছিনিয়ে নিয়ে মারধর করেন। এসময় আলী আহমদের বাড়িঘরও ভাঙচুর করা হয়। পাশাপাশি আলী আহমদের স্ত্রী পারভিন আকতারকেও মারধরের অভিযোগ উঠেছে।
বিজ্ঞাপন
জানতে চাইলে নিহত মোহাম্মদ কালুর ছেলে সরোয়ার আলম বলেন, আমার বাবাকে আমাদের সামনে বুকে লাথি দিয়ে হত্যা করা হয়েছে। পরে আলী আহমদকে স্থানীয় বাসিন্দারা গণপিটুনি দিয়েছেন। এ ঘটনার সঙ্গে আমার পরিবারের কেউ জড়িত নন।
জানতে চাইলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল আনোয়ার বলেন, নিহত ব্যক্তির ভাতিজা আলী আহমদকে আটক করে থানায় আনার পথে পুলিশের ভ্যান আটকে তাকে মারধর করা হয়েছে। এরপর আলী আহমদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
প্রতিনিধি/এসএস

