চাঁদপুরের কচুয়ায় মানসিক ভারসাম্যহীন ছেলে মো. হোসাইনের (৩৫) দায়ের কোপে প্রাণ গেল বৃদ্ধ বাবা আব্দুল খালেকের (৭০)। ঘটনার পর পালানোর সময় স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
শনিবার (২২ নভেম্বর) বিকেলে উপজেলার বাইছারা গ্রামের নোয়াপাড়া প্রধানিয়া বাড়িতে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
স্থানীয়রা জানান, বিকেলে পারিবারিক বিষয় নিয়ে বাবার সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে হঠাৎ ক্ষিপ্ত হয়ে ওঠে হোসাইন। তারপর ঘরে থাকা ধারালো দা দিয়ে তিনি বাবার মাথা ও শরীরের ওপর একের পর এক আঘাত করতে থাকেন। এতে ঘটনাস্থলেই আব্দুল খালেকের মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরিবারের দাবি, হোসাইন দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন।
আরও পড়ুন: নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
নিহতের বড় ছেলে নোমান সরকার বলেন, আমার ভাই মানসিকভাবে অসুস্থ ছিল ঠিকই, কিন্তু এমন নৃশংস ঘটনা ঘটাবে কখনও ভাবিনি। আমরা সবাই ভেঙে পড়েছি।
স্থানীয় ইউপি সদস্য রুহুল আমিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি লাশ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আমাদের এলাকায় এ ধরনের নৃশংসতা আগে কখনও ঘটেনি। হত্যাকারীর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া উচিত।
বিজ্ঞাপন
আরও পড়ুন: মেডিকেল কলেজের হোস্টেল থেকে ছাত্রীর লাশ উদ্ধার
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, পালানোর সময় জনতা হোসাইনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।
প্রতিনিধি/ এমইউ

