রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ঢাকা

সিলেটে সিপিবি নেতা আনোয়ার আটক

জেলা প্রতিনিধি, সিলেট
প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৫, ১০:৩৬ এএম

শেয়ার করুন:

সিলেটে সিপিবি নেতা আনোয়ার আটক

সিলেটে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জেলা শাখার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সুমনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৩১ অক্টোবর) মধ্যরাতে নগরীর আখালিয়া কালিবাড়ি এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

সিপিবি সিলেটের সাবেক সভাপতি ও প্রবীণ বাম নেতা বেদানন্দ ভট্টাচার্য গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত ১২টার দিকে পুলিশ বাসায় গিয়ে সুমনকে আটক করে নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আনোয়ার হোসেন সুমন ব্যাটারিচালিত রিকশা শ্রমিকদের আন্দোলনে সম্পৃক্ত ছিলেন। ব্যাটারি রিকশার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ ১১ দফা দাবিতে গত মঙ্গলবার নগরে বিক্ষোভ করেন শ্রমিকরা, যেখানে সুমনও উপস্থিত ছিলেন।

বিক্ষোভ চলাকালে শ্রমিক নেতারা সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন। পরে দাবি আদায়ে রোববার পর্যন্ত সময় বেঁধে দিয়ে আন্দোলন স্থগিতের ঘোষণা দেন তারা। দাবি না মানলে রোববার অনশন কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছিল। এর আগের রাতেই সিপিবি নেতা সুমনকে আটক করে পুলিশ।

শুক্রবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, ব্যাটারি রিকশা শ্রমিকদের আন্দোলনে তৃতীয় পক্ষ ইন্ধন দিচ্ছে। পাল্টাপাল্টি কর্মসূচিতে সংঘাতের আশঙ্কায় শ্রমিকদের রোববারের কর্মসূচির অনুমতি দেওয়া হয়নি।

উল্লেখ্য, গত সেপ্টেম্বরের শেষ দিক থেকে সিলেট মহানগরীতে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে অভিযান শুরু করে পুলিশ। এতে বহু রিকশা জব্দ করা হয় এবং চার্জিং পয়েন্টের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এরপর থেকে নগরে ব্যাটারি রিকশা চলাচল বন্ধ রয়েছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর