সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় আদালত প্রাঙ্গণে সাবেক স্বামীর ছুরিকাঘাতে শরীফা আক্তার (২৮) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।
সোমবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ধর্মপাশা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। পরে গুরুতর অবস্থায় শরীফাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হলে ১টার দিকে সেখানে তার মৃত্যু হয়।
এসময় অভিযুক্ত সাবেক স্বামী আক্তার হোসেনকে আটক করে পুলিশে দেয় উপস্থিত লোকজন।
নিহত শরীফা আক্তার পার্শ্ববর্তী জেলা নেত্রকোনার মোহনগঞ্জ পৌরশহরের দেওথান গ্রামের মৃত রমজান মিয়া মেয়ে। অভিযুক্ত মো. আক্তার হোসেন (৩৫) ধর্মপাশা উপজেলার কান্দাপাড়া গ্রামের বাসিন্দা।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শরীফা আক্তারের ভাই লিমন মিয়া বলেন, ৪ বছর আগে ধর্মপাশার কান্দাপাড়া এলাকায় আক্তার হোসেনের সঙ্গে বিয়ে হয় শরীফার। তাদের সংসারে ৩ বছর বয়সি এক মেয়ে রয়েছে। পারিবারিক কলহের কারণে ৬ মাস আগে তাদের মধ্যে ডিভোর্স হয়ে যায়। এ নিয়ে আদালতে একটি মামলা চলমান রয়েছে।
নিহত শরীফা আক্তারের ভাই লিমন মিয়া আরও বলেন, মামলা চলমান থাকায় আজ সোমবার সকালে শরীফাকে নিয়ে আদালতে যাই। সাড়ে ১০টার দিকে আদালতের বারান্দায় অপেক্ষা করছিল শরীফা। এমন সময় পেছন থেকে এসে শরীফার গলায় ছুরিকাঘাত করে আক্তার হোসেন। এসময় আক্তার হোসেনকে ঝাপটে ধরি। পরে উপস্থিত লোকজনের সহায়তায় তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। এদিকে শরীফাকে উদ্ধার করে মমেক হাসাপাতালে পাঠানো হলে দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়।
ওসি এনামু্ল হক বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে শরীফার ময়নাতদন্ত সম্পন্ন হবে। পরে লাশ এলাকায় নিয়ে আসা হবে। অভিযুক্ত আক্তার হোসেন পুলিশ হেফাজতে রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিনিধি/এসএস




