টানা এক ঘণ্টার বৃষ্টিতে রংপুর নগরীর অলিগলি, রাস্তায় জলাবদ্ধতায় দুর্ভোগের সৃষ্টি হয়েছে। ড্রেনেজ ব্যবস্থা পরিষ্কার না থাকায় ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এই জলাবদ্ধতা তৈরি হয়েছে বলে অভিযোগ নগরবাসীর।
শনিবার (৩০ আগস্ট) দুপুরে টানা এক ঘণ্টা ধরে ভারি বৃষ্টি শুরু হয়। আর সেই বৃষ্টিতে রংপুর নগরীর অনেক এলাকায় পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
বিজ্ঞাপন

সরেজমিনে দেখা যায়, নগরীর টাউনহল, পাবলিক লাইব্রেরি মাঠ, কালেক্টরেট ঈদগাহ মাঠ, রংপুর সরকারি কলেজ রোড, জুম্মাপাড়া, আদর্শপাড়া, কামারপাড়া, বাবুখাঁ, কামাল কাছনা, মাহিগঞ্জ, বোতলা, মুলাটোল, মুন্সিপাড়া, গোমস্তপাড়া, খলিফাপাড়া, নগর মীরগঞ্জ, হোসেন বাজার, সর্দারপাড়া, মাস্টারপাড়া, ঈদগাহপাড়াসহ অনেক পাড়া-মহল্লায় এই জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে রাস্তায় পানি ওঠায় দুর্ভোগে পরে নগরবাসী। অনেক রাস্তায় যান চলাচল ব্যাহত হচ্ছে।

নগরবাসীর অভিযোগ, নগরীর বুক চিরে বয়ে যাওয়া ১৬ কিলোমিটারের শ্যামা সুন্দরী ক্যানেল ঠিকমতো ড্রেজিং না করায় ও ময়লা আবর্জনা দিয়ে ভরে যাওয়ায় একটু বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হয়ে দুর্ভোগের সৃষ্টি হয়।

সাংবাদিক হুমায়ুন কবীর মানিক জানান, নগরীর পানি নিষ্কাশনের জন্য এখনও পর্যাপ্ত ড্রেন তৈরি হয়নি। যে ড্রেন তৈরি হয়েছে, সেগুলো রাস্তা থেকে উঁচু যার কারণে পানি নিষ্কাশন হয় না। উল্টো ড্রেনের পানি রাস্তায় আসে। এছাড়া পাড়া-মহল্লার ছোট ছোট খালগুলো ভরাট আর দখলদারিত্বের কবলে পড়ায় বৃষ্টি হলে জলাবদ্ধতা হয়ে উঠছে। সামান্য বৃষ্টি হলেই বাড়ির আশপাশসহ নগরীর অধিকাংশ নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।

রংপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা বলেন, আমি বর্তমানে ছুটিতে আছি। যোগদান করেই বিষয়টি দেখব বলে জানান তিনি।
প্রতিনিধি/এসএস




