শেরপুরে বিলে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে ফাহিমা আক্তার নুন (৯) ও জেমি (৮) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে সদর উপজেলার গাজিরখামার চকপাড়া এলাকার বলেশ্বর বিল থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: হরিণাকুণ্ডুতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
ফাহিমা উপজেলার চকপাড়া এলাকার মাসেক আলীর মেয়ে ও জেমি একই এলাকার জয়নুদ্দিনের মেয়ে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম এ বিষয়টি নিশ্চিত করেছেন।
স্বজনরা জানান, সকালে ফাহিমা ও জেমি বাড়ির পাশের বলেশ্বর বিলে শাপলা ফুল তুলতে যায়। এরপর থেকে তারা আর বাড়ি ফিরেনি।
আরও পড়ুন: প্রচণ্ড মাথাব্যথা সহ্য করতে না পেরে কৃষকের আত্মহত্যা
এদিকে দীর্ঘ সময় ধরে বাড়িতে না আসায় পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে বিলের মাঝখান থেকে এলাকাবাসীর সহযোগিতায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।
ধারণা করা হচ্ছে যে শাপলা তুলতে তুলতে কোনো এক সময় বিলের মাঝখানে গর্তে পড়ে যায় তারা এবং বেশি পানি থাকায় ডুবে মারা যায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/ এমইউ




