জামালপুর জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন বাতিলের দাবিতে হরতাল ঘোষণার পর মশাল মিছিল থেকে বোমা সদৃশ বস্তু বিস্ফোরণ শব্দ পাওয়া গেছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো শহরজুড়ে।
মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শহরের বকুলতলা থেকে একটি মশাল মিছিল শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলটির নেতৃত্ব দেন জামালপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ।

এরপর সেখানেই বেশ কয়েকটি বোমা সদৃশ বস্তু বিস্ফোরণ শব্দ শোনা যায় এবং সড়কে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে মিছিলটি আবার সকাল বাজার এলাকায় গিয়ে শেষ হয়। তখনও বোমা সদৃশ বস্তু বিস্ফোরণের ঘটনা ঘটে। সব মিলিয়ে অর্ধশত বোমা সদৃশ বস্তু বিস্ফোরণের শব্দ শোনা যায়। এই ঘটনায় আতঙ্ক বিরাজ করছে পুরো শহরজুড়ে।
আট বছর পর আগামী ২৩ আগস্ট জেলা বিএনপির উদ্যোগে জামালপুরের বেলটিয়া এলাকায় দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই সম্মেলন স্থগিতের দাবি জানিয়ে আসছে বিএনপির একটি পক্ষ।
এসব বিষয়ে জামালপু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক বলেন, আমি বিষয়টি শুনেছি এবং খতিয়ে দেখছি। বিএনপির আরেকটি পক্ষ একটি মামলা করতে চেয়েছে। এই ঘটনায় আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।
প্রতিনিধি/এসএস




