বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

উন্নয়ন প্রকল্পের টাকা নিয়ে ইউপি সদস্যদের ভাগবাটোয়ারা, ভিডিও ফাঁস

জেলা প্রতিনিধি, জামালপুর
প্রকাশিত: ০৬ আগস্ট ২০২৫, ১০:০২ এএম

শেয়ার করুন:

উন্নয়ন প্রকল্পের টাকা নিয়ে ইউপি সদস্যদের ভাগবাটোয়ারা, ভিডিও ফাঁস

জামালপুরের মেলান্দহ উপজেলার ৮ নম্বর ফুলকোচা ইউনিয়নে উন্নয়ন প্রকল্পের আংশিক কাজ করেই বাকি টাকা নিজেদের মধ্যে ভাগ করে নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যদের বিরুদ্ধে। এ ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ইউপি সদস্যরা ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্যের বাড়িতে বসে উন্নয়ন প্রকল্পের টাকা ভাগাভাগি করছেন।

ভিডিওতে দেখা যায়, খাটে বসে ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মিনহাজ আলী নিচ্ছেন টাকার হিসাব এবং হিসাবের খাতা নিয়ে বসে আছেন ৫ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মো. মোশারফ হোসেন। পাশে ৩ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য সোবহান আলী, ৪ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মোখলেছুর রহমান রিপন নিজের ৪ লাখ টাকার কাজের হিসাব দিচ্ছিলেন। তিনি বলছিলেন, ‘আগে দিয়েছি ৩০ হাজার, আজ দিলাম ৫৫ হাজার। আমার ভাগের ৩৫ হাজার বাদ দেন।’

এ সময় অন্য ইউপি সদস্যরাও উপস্থিত ছিলেন এবং টাকার অঙ্ক নিয়ে আলোচনা চলছিল। বয়স্ক ভাতা, ভিজিডি ও সামাজিক সুরক্ষা কর্মসূচির অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে তাদের বিরুদ্ধে।

এসব দুর্নীতির প্রতিবাদ করতে গিয়ে ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সদস্য নুরুন্নাহার অধরা মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি লিখিত অভিযোগ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর।

অথচ এই অভিযোগের পাল্টা বাকি ১১ জন ইউপি সদস্য একত্রে নুরুন্নাহার অধরার বিরুদ্ধে ইউএনও বরাবর আরেকটি অভিযোগ জমা দেন এবং তাকে ‘আধা পাগল’ আখ্যায়িত করেন।

টাকা ভাগবাটোয়ারার বিষয়টি স্বীকার করে ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সদস্য তাছলিমা বেগম বলেন, ঘটনা সত্য। আমরা সবার টাকা একত্র করে সমানভাবে ভাগ করে নিয়েছি।

প্যানেল চেয়ারম্যান মোতালেব হোসেনও বলেন, সব কাজ করে আমরা ৩৫ হাজার করে বণ্টন করে নিয়েছি, এটাই সত্যি।

জানতে চাইলে ইউএনও এসএম আলমগীর হোসেন বলেন, বিষয়টি আমরা খতিয়ে দেখছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর