শরীয়তপুরে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কার্যক্রম পরিচালনা ও আওয়ামী লীগের স্লোগান দিয়ে ভিডিও ধারণ করে ফেসবুকে প্রচারের অভিযোগে ছয় কর্মীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) গভীর রাতে জাজিরা ও সদর উপজেলায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের কাজিয়ারচর এলাকা থেকে দক্ষিণ ডুবলদিয়া গ্রামের আব্দুল মালেক মাদবরের ছেলে মোহাম্মদ শামীম মাদবর (২৭) এবং মেহের আলী মুন্সী কান্দি গ্রামের খালেক মুন্সীর ছেলে আসাদ মুন্সী (১৮) কে আটক করা হয়। তারা মধ্যরাতে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করে নিষিদ্ধ আওয়ামী লীগের স্লোগান দেন এবং ভিডিও করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।
![]()
একই সময়ে সদর উপজেলার ডোমসার ইউনিয়নের কোয়ারপুর এলাকা থেকে মোতাহার ফকিরের ছেলে কাউসার ফকির (২৮), আতাউর রহমান খানের ছেলে মামুন খান (২৬), আব্দুল মালেক ব্যাপারীর ছেলে আব্দুল মান্নান ব্যাপারী (২৩) ও মজিবর রহমান খানের ছেলে মুন্না খানকে (২৫) আটক করে পুলিশ। তারা একইভাবে মৃত্যুবার্ষিকী পালন ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম সক্রিয় করার চেষ্টা করছিল বলে অভিযোগ রয়েছে।
![]()
এ বিষয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, আটক ব্যক্তিরা নিষিদ্ধ সংগঠনকে পুনরায় সক্রিয় করার চেষ্টা করছিল। খবর পেয়ে আমরা অভিযান চালিয়ে তাদের আটক করেছি। তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
পুলিশের দাবি, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে।
প্রতিনিধি/এসএস




