মাগুরায় চোর সন্দেহে রোববার সন্ধ্যায় সজল হোসেন মোল্যা (২৩) নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
সোমবার (১১ আগস্ট) হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।
নিহত সজল সদর উপজেলার আলাইপুর গ্রামের শরিয়ত মোল্যার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সজলের নামে দীর্ঘদিন ধরে এলাকায় নানা চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। রোববার সকালে আলাইপুর গ্রামের আলতাফ হোসেনের বাড়ি থেকে ৭ হাজার টাকা চুরি হয়ে যায়। এ ঘটনায় স্থানীয়রা রোববার সন্ধ্যায় চোর সন্দেহে সজল হোসেনকে আটক করে আলাইপুর স্কুল মাঠে নিয়ে গণপিটুনি দেয়।
বিষয়টি জানতে পেরে মাগুরা সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আইয়ুব আলী বলেন, সজল মোল্যার নিহতের ঘটনায় সোমবার ২৭ জনকে আসামি করে তার বাবা সদর থানায় হত্যা মামলা করেছেন। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে নিহত যুবক সজল চুরিসহ নানা অপরাধের সঙ্গে জড়িত ছিল। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
প্রতিনিধি/এসএস




