চাঁদপুরের ফরিদগঞ্জে বিদেশে উপার্জিত ৫০ হাজার টাকা লেনদেনকে কেন্দ্র করে চাচার ধারালো অস্ত্রের আঘাতে বাবু গাজী (২৩) নামে এক ওমানফেরত যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় নিহতের বাবা রৌশন গাজী (৫০) ও ভাই এমরান হোসেন (২২) গুরুতর আহত হয়েছেন। ঘটনায় অভিযুক্ত চাচা হাসান গাজীকে (৪০) পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
সোমবার (১১ আগস্ট) দুপুরে উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের বড়গাঁও গ্রামের গাজী বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নিহত বাবুর চাচা হাসান গাজী প্রবাসে থাকা অবস্থায় বাবুর কাছে কিছু টাকা পেতেন বলে দাবি করেন। এ নিয়ে দু'পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। দুপুরে কথা কাটাকাটির এক পর্যায়ে হাসান ও তার দুই ছেলে শাকিল এবং রাকিব ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে বাবু, রৌশন গাজী ও এমরান হোসেনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই বাবু মারা যান।
এদিকে এই ঘটনায় আহতদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসি বাড়ির লোকজন। বর্তমানে রৌশন গাজী হাসপাতালে চিকিৎসাধীন এবং গুরুতর আহত এমরানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার পর স্থানীয়রা হাসান গাজীকে আটক করে পুলিশে সোপর্দ করেন। তবে তার দুই ছেলে শাকিল ও রাকিব পালিয়ে গেছে।
চাঁদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফর রহমান বলেন, হামলাকারীদের মধ্যে একজনকে আটক করা হয়েছে। এছাড়াও দু’জন পলাতক রয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলার প্রস্তুতি চলছে। জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।
প্রতিনিধি/এসএস




