জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা কমিটির সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সংগঠকের বাড়িতে অগ্নিসংযোগ এবং কাফনের কাপড় ও চিরকুট ফেলে হুমকি দেওয়া হয়েছে। শনিবার (৯ আগস্ট) দিবাগত রাতে তাকে এ হুমকি ও হামলা করা হয়।
রোববার (১০ আগস্ট) মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
এনসিপি নেতা মিলু মোহনপুরের ধুরইল গ্রামের বাসিন্দা।
চিরকুটে লেখা রয়েছে, ‘প্রস্তুত হ রাজাকার। বাপ মায়ের দোয়া নে। তোদের দিন শেষ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’
মিলু বলেন, ‘শনিবার দিবাগত রাতে দুর্বৃত্তরা আমাদের বাড়িতে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা চালায়। পরে বাড়ির সামনে কাফনের কাপড় ও চিরকুট ফেলে যায়। রাত সাড়ে ১১টায় বাসায় যাই। কিছুক্ষণ পর জানালার পাশে অপরিচিত কণ্ঠে শোনা যায়, ‘বাইরে বের হয়ে দেখ।’ বারান্দায় গিয়ে দেখি, ‘টিনের সঙ্গে থাকা কাঠের আড়ায় আগুন জ্বলছে এবং চারপাশে পেট্রলের গন্ধ।’
মিলু আরও বলেন, বাইরে এসে একটি পলিথিন দেখতে পাই। পুলিশ আসার পর সেটি খোলা হয়। ভেতরে সাদা কাপড় (কাফনের কাপড়) ও একটি চিরকুট পাওয়া যায়। বৃষ্টির কারণে বাড়ির চারপাশ ভেজা থাকায় আগুন ছড়িয়ে পড়েনি। যে অংশে আগুন লেগেছিল, তা নিভিয়ে ফেলা হয়। এমন হুমকি পেয়ে তিনি উদ্বিগ্ন ও আতঙ্কিত। চিরকুটে ‘জয় বাংলা’ লেখা থাকায় কারা এ ঘটনায় জড়িত, তা অনুমান করা কঠিন নয়।’
বিজ্ঞাপন
আরও পড়ুন: সিলেটে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারে দগ্ধ ৫
এ বিষয়ে এনসিপির রাজশাহী জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়ক নাহিদুল ইসলাম সাজু ঢাকা মেইলকে বলেন, ‘আওয়ামী সন্ত্রাসীরা এখনও আমাদের এভাবে হুমকি দিচ্ছে, আমরা এটা মোকাবিলা করব। তবে প্রশাসন যদি কার্যকর পদক্ষেপ নিত, সন্ত্রাসীরা এমন সাহস দেখাতে পারত না। আমরা এ বিষয়ে থানায় জিডি করব।
মোহনপুর থানার ওসি আতাউর রহমান বলেন, সেখানে পুলিশ পাঠানো হয়। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এজে

