ঢাকার সাভারে দিনেদুপুরে ঢাকা-আরিচা মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসময় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ৩ জন আহত হয়েছেন। বর্তমানে আহতরা রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ব্যাংকটাউন এলাকায় মানিকগঞ্জ থেকে গুলিস্তানগামী শুভযাত্রা পরিবহনের একটি বাসে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
![]()
প্রত্যক্ষদর্শীরা জানান আজ দুপুর সাড়ে ১২টার দিকে বাসটি ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংকটাউন এলাকায় বাসটি যাত্রী নেয়ার উদ্দেশশে দাঁড়ালে ধারাল চাকু হাতে দু’জন ব্যক্তি বাসে উঠে যাত্রীদের কাছ থেকে মুঠোফোন, ম্যানিব্যাগ ও স্বর্ণালংকার ছিনিয়ে নেন। এসময় যাত্রীদের মধ্যে কয়েকজন তাদের বাধা দিলে ধারাল ছুরি দিয়ে আঘাত করে তিনজনকে আহত করে ছিনতাইকারীরা বাস থেকে নেমে পালিয়ে যায়।
বাসের যাত্রী আলকামা আজাদ বলেন, সাভারের ব্যাংক টাউন থেকে পুলিশ টাউন এর মাঝামাঝি ব্রিজের কাছাকাছি যাত্রী নেয়ার উদ্দেশে শুভযাত্রা বাসটি দাঁড়িয়েছিল। এসময় দু’জন ছিনতাইকারী বাসে উঠেন। তাদের দু’জনের হাতে ছুরি ছিল। তারা বাসের যাত্রীদের কাছ থেকে মোবাইল, ম্যানিব্যাগ, চেইন ছিনিয়ে নেয়। ছিনতাইকারীরা বাসের পেছনের দিকে গেলে কয়েকজন যাত্রী তাদের বাধা দেয়। এক পর্যায়ে যাত্রীরা ছিনতাইকারীদের ধরতে গেলে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে চালকের সহকারীসহ তিনজন আহত হন। দু’জনের পায়ে এবং একজনের হাতে মারাত্মক জখম হয়েছে। পরে দ্রুতই তারা বাস থেকে নেমে পালিয়ে যায়। বাসে ১৫-২০ জন যাত্রী ছিল।
বিজ্ঞাপন
![]()
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, বাসে ছিনতাইয়ের ঘটনাটি জানার পরপরই ঘটনাস্থলে পুলিশের একটি দলকে পাঠানো হয়েছে। তবে এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি।
প্রতিনিধি/এসএস




