মুন্সিগঞ্জের সিরাজদিখানে প্রায় ২ কেজি গাজাসহ আল-আমীন (৩৪) নামে এক মাদক কারবারিকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় এলাকাবাসী।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার জৈনসার ইউনিয়নের ভবানিপুর বাজার থেকে ওই মাদক কারবারিকে আটক করে পুলিশে দেওয়া হয়। এসময় বিক্ষুব্ধ জনতা মাদক কারবারির চায়ের দোকানটি ভাঙচুর করে।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, বাদশা গোরাপির ছেলে আল-আমীন গোরাপি চায়ের দোকানের আড়ালে দীর্ঘদিন ধরেই মাদকের কারবার করে এলাকার যুবসমাজকে ধ্বংস করছে।
অভিযুক্তকে মাদকসহ এর আগেও একাধিকবার গ্রেফতার করেছিল পুলিশ। তবে সে জামিনে এসে বারবার মাদকের কারবার করে। এলাকাবাসীকেও তার মাদক বিক্রিতে বাধা দিলে অথবা প্রতিবাদ করলে তার চাচা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাঞ্চন গোরাপিকে দিয়ে তাদের বিভিন্ন হুমকি-ধমকিসহ হয়রানি করতো।
আজকে ২ কেজি গাজাসহ এলাকাবাসী তাকে হাতেনাতে ধরে পুলিশে দিয়েছে। এসময় বিক্ষুব্ধ জনতা তার মাদক কারবারের আস্তানা চায়ের দোকানটি ভাঙচুর করেছে।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করে,সিরাজদিখান থানায় পুলিশ পরিদর্শক তদন্ত হাবিবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এলাকাবাসীর সহায়তায় মাদক কারবারকালে একজন মাদক কারবারিকে ২কেজি গাজাসহ আটক করা হয়েছে। এছাড়া মাদক কারবারে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
প্রতিনিধি/এসএস




