সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ঢাকা

রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ে যুবকের গুলিবিদ্ধ মরদেহ

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৩১ পিএম

শেয়ার করুন:

রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ে যুবকের গুলিবিদ্ধ মরদেহ

কক্সবাজারে টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকা থেকে গুলিবিদ্ধ এক রোহিঙ্গা যুবকের মরদেহ উদ্ধার হয়েছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের শালবাগান ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-৭ ব্লক সংলগ্ন পশ্চিমের পাহাড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন তথ্যটি নিশ্চিত করেছেন।

নিহত রহমত উল্লাহ (২২) উখিয়া উপজেলার কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের ই-ব্লকের বাসিন্দা মো. রশিদের ছেলে।

আরও পড়ুন

চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই বৃদ্ধ নিহত

গিয়াস উদ্দিন বলেন, সকাল ৯টার দিকে টেকনাফের শালবাগান ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-৭ ব্লকের পশ্চিমে তিনটি পাহাড়ের মিলনস্থল লেকের পাশে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা এপিবিএন পুলিশকে খবর দেয়। এ তথ্যে এপিবিএন পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশটি দেখতে পায়। পরে বিষয়টি টেকনাফ থানা পুলিশকে অবহিত করে। খবর পেয়ে টেকনাফ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে গুলিবিদ্ধ অবস্থায় মরদেহটি উদ্ধার করেছে। ঘটনাটি শোনার পর নিহতের স্বজনরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি শনাক্ত করেছেন।

ওসি বলেন, প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্যে ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা রহমত উল্লাহকে তুলে নিয়ে যায়। পরে শালবাগান ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকায় নিয়ে গিয়ে তাকে গুলি করে হত্যা করে। লাশ গুমের উদ্দেশে পাহাড়ি লেকের পাশে আনা হয়ে থাকতে পারে।

তবে নিহতের বিরুদ্ধে ডাকাতি, অপহরণ ও খুনসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে জানান ওসি গিয়াস উদ্দিন।

লাশের সুরতহাল প্রতিবেদনের পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর