কক্সবাজারের চকরিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় পৃথকস্থানে পথচারী দুই বৃদ্ধ নিহত হয়েছেন
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে চকরিয়া উপজেলার চিরিঙ্গা-বদরখালী সড়কের পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের দরবেশকাটা এবং এবিসি আঞ্চলিক সড়কের বিএমচর ইউনিয়নের বটতলী এলাকায় পৃথক এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ওসি মো. মনজুর কাদের ভুঁইয়া।
নিহতরা হলেন, চকরিয়ার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মসজিদ পাড়ার বাসিন্দা জাকির আহমদ (৬০) এবং বিএমচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ছড়া পাড়ার বাসিন্দা ফকির মোহাম্মদ (৭৫)।
স্থানীয়দের বরাতে ওসি মনজুর কাদের ভুঁইয়া বলেন, সকাল ১০টার দিকে চিরিঙ্গা-বদরখালী সড়কের পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের দরবেশকাটা এলাকায় জাকির আহমদ রাস্তা পার হচ্ছিলেন। এসময় দ্রুতগামী একটি মোটরসাইকেলের সঙ্গে তার ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে সকাল ১১টার দিকে এবিসি আঞ্চলিক সড়কের বিএমচর ইউনিয়নের বটতলী এলাকায় পৃথক মোটরসাইকেলের ধাক্কায় ফকির মোহাম্মদ নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন৷
স্থানীয়রা জানান, সকালে বিএমচর ইউনিয়নের বটতলী এলাকায় ফকির মোহাম্মদ নিজের ফসলি জমিতে চাষ দিতে রাস্তা পার হচ্ছিলেন। এসময় একটি দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এসময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি মনজুর কাদের বলেন, দুর্ঘটনার ব্যাপারে কোনো ধরনের অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রতিনিধি/এসএস




