হবিগঞ্জ শহরের উত্তর শ্যামলী এলাকায় লিফলেট বিতরণকালে সাবেক সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মোহাম্মদ শামীম আহমেদকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে ছাত্র-জনতা।
শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
হবিগঞ্জ সদর উপজেলার উচাইল শান্তিসা গ্রামের এবং বর্তমানে হবিগঞ্জ শহরের উত্তর শ্যামলী এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেকের ছেলে এবং ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ শামীম আহমেদ রাতে দলীয় লিফলেট বিতরণ করছিলেন।
আরও পড়ুন: হেলমেট পরে শেখ হাসিনার গ্রাফিতি অঙ্কনের ভিডিও ভাইরাল
এ সময় বিএনপি নেতা লুৎফুর রহমান, যুবদল নেতা হেলালুর রহমান তুর্কি, ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান রাসেল, রিয়াজ, মাহফুজসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন তাকে আটক করেন।
তখন শামীম উচ্চস্বরে বলেন, আওয়ামী লীগ করি, কি হয়েছে? আওয়ামী লীগতো নিষিদ্ধ দল নয়। এতে বিক্ষুব্ধ হয়ে ছাত্র-জনতা তাকে মারপিট করে সদর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যায়। এর আগে আওয়ামী লীগ সরকারের সময় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের এপিপি ছিলেন শামীম।
আরও পড়ুন: সিলেটে ভাঙা হলো বঙ্গবন্ধুর ম্যুরাল
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, অতিরিক্ত পুলিশ সুপারসহ তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার কাছ থেকে আওয়ামী লীগের কিছু লিফলেট উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রতিনিধি/ এমইউ




