চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে আইদি পরিবহনের বাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার চালকসহ পাঁচ যাত্রী আহত এবং মো. তাহিম হাসান ফাহিম (১২) নামে এক কিশোর নিহত হয়েছেন। নিহত কিশোর ও আহতরা জেলার হাজীগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর কাজী মনির হোসেনের পরিবারের সদস্য।
শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় ওই সড়কের সদর উপজেলার কুমারডুগি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: ড্রাম্প ট্রাকের চাপায় শ্রমিকের মৃত্যু, আহত ৩
আহতরা হলেন - হাজীগঞ্জ পৌর এলাকার টোরাগড় এলাকার মজুমদার বাড়ির বাসিন্দা ও সাবেক কাউন্সিলর কাজী মনির হোসেন (৫৫), তার স্ত্রী সীমা বেগম (৪০), মেয়ে মিথিলা আক্তার (১৭), ছেলে মো. হৃদয় (২২) ও তার স্ত্রী সামিয়া আক্তার (১৯)। নিহত কিশোর ফাহিম কাজী মনির হোসেনের ছোট ছেলে।
স্থানীয়রা জানান, কাজী মনির হোসেন নিজ বাড়িতে আসার উদ্দেশে লঞ্চ করে ঢাকা থেকে চাঁদপুরে আসেন। এরপর তিনি চাঁদপুর থেকে অটোরিকশাযোগে হাজীগঞ্জে আসছিলেন। পথিমধ্যে সদর উপজেলার কুমরাডুগি এলাকায় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে আইদি পরিবহনের যাত্রীবাহী একটি বাস সিএনজিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ সবাই গুরুতর আহত হন। এর মধ্যে গুরুতর আহত ফহিম ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: ট্রাকের নিচে চাপা পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, দুর্ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা থানা হেফাজতে রয়েছে। কোনো অভিযোগ না থাকায় এবং লিখিত আবেদনের ভিত্তিতে নিহত ফাহিমের লাশ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিনিধি/ এমইউ




