সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

তোফাজ্জলকে হত্যার আগে চাওয়া হয়েছিল মুক্তিপণ

জেলা প্রতিনিধি, বরগুনা
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৬ পিএম

শেয়ার করুন:

তোফাজ্জলকে হত্যার আগে চাওয়া হয়েছিল মুক্তিপণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে বরগুনার পাথরঘাটা উপজেলার তোফাজ্জলকে (৩০) পিটিয়ে হত্যার আগে পরিবারের কাছে ২ লাখ টাকা চাওয়া হয়েছিল বলে অভিযোগ করেছেন নিহতের পরিবার।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের তালুকের চরদুয়ানিতে তোফাজ্জলের গ্রামের বাড়িতে গেলে তার ভাবি শরিফা বেগম এমন অভিযোগ করেন।  

আরও পড়ুন

ঢাবির হলে গণপিটুনিতে হত্যা, ৫ শিক্ষার্থী গ্রেফতার

শরিফা বেগম বলেন, বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে তোফাজ্জল প্রথম একটি নম্বর থেকে কল করে জানান, ভাবি আমাকে মোবাইল চোর সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে আটকে মারধর করা হয়েছে।  

তিনি আরও বলেন, তোফাজ্জলের সঙ্গে কথোপকথনের কিছুক্ষণ পর আবার নতুন একটি নম্বর দিয়ে আমাকে কল করে জানানো হয়, আপনি যদি তাকে বাঁচাতে চান তবে এখনই আমাদের বিকাশ নাম্বারে ২ লাখ টাকা পাঠান। তা না হলে আমরা মেরে ফেলবো। এরপর আমি ভয়ে মোবাইল ফোন বন্ধ করে রাখি। সকালে জানতে পারি আমার দেবরকে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডে যারা সম্পৃক্ত তাদের আমি বিচার দাবি করছি।  

এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, তোফাজ্জল মানসিক ভারসাম্যহীন এটা আমি জানি। তবে তার সঙ্গে যেটা হয়েছে এটা অমানবিক। যেসব নাম্বার থেকে টাকা চাওয়া হয়েছে সেসব নাম্বার বর্তমানে বন্ধ পাওয়া যাচ্ছে।  

আরও পড়ুন

ঢাবিতে চোর সন্দেহে হত্যা: যাদের দিকে অভিযোগের তীর

হলের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, বুধবার সন্ধ্যায় চোর সন্দেহে তোফাজ্জলকে আটক করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীরা। সন্ধ্যায় হলে ক্রিকেট টুর্নামেন্ট চলছিল। এমন সময় হঠাৎ তোফাজ্জল নামে যুবক হলে প্রবেশ করলে শিক্ষার্থীরা সেদিন দুপুরে ছয়টি মোবাইল চুরির ঘটনার চোর সন্দেহে মূল ভবনের অতিথি কক্ষে নিয়ে তাকে মারধর ও জেরা করতে থাকে। একপর্যায়ে তাকে নিয়ে হল ক্যান্টিনে খাওয়ানো হয়। এরপর এক্সটেনশন ভবনের অতিথি কক্ষে নিয়ে দ্বিতীয় দফায় বুক, পিঠ, হাত ও পায়ে ব্যাপক মারধর করেন একদল শিক্ষার্থী। 

মারধরের ফলে ওই যুককের পা থেকে রক্ত বের হতে থাকে। এরপর রাত পৌনে ১০টার দিকে ফের মূল ভবনের অতিথিকক্ষে নিয়ে মারধর করা হয়। এরপর ১০টার দিকে প্রক্টোরিয়াল মোবাইল টিমের সদস্যরা এলে মারধরকারীরা তাকে তাদের হাতে তুলে দিতে অস্বীকৃতি জানান। পরে কিছু শিক্ষার্থী ও কয়েকজন হাউস টিউটরের সহায়তায় তাকে প্রথমে শাহবাগ থানায় এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তোফাজ্জলের চাচা ফজলুল হক বলেন, আমার ভাতিজা তোফাজ্জেলকে যারা নির্মমভাবে হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।

প্রতিনিধি/এমএইচএম 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর