মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ঢাকা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা শুরুর দাবিতে সাংস্কৃতিক সমাবেশ 

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫৬ পিএম

শেয়ার করুন:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা শুরুর দাবিতে সাংস্কৃতিক সমাবেশ 

ক্যাম্পাস সচল, ক্লাস শুরু ও উপাচার্য নিয়োগের দাবিতে সাংস্কৃতিক সমাবেশের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। 

সোমবার (২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন সংলগ্ন প্যারিস রোডে এ সমাবেশের আয়োজন করেন তারা। 

আরও পড়ুন: বেরোবির আর্থিক ও প্রশাসনিক দায়িত্বে ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি

এ সময় গান পরিবেশনের মাধ্যমে প্রতিবাদ জানান শিক্ষার্থীরা।

তখন বায়োকেমিস্ট্রি বিভাগের শিক্ষার্থী জাহিদ হাসান বলেন, আজকের এই সমাবেশের মাধ্যমে আমরা দ্রুত বিশ্ববিদ্যালয়গুলোর ক্লাস-পরীক্ষা শুরুর দাবি জানাচ্ছি। আমরা চাই যোগ্যতার ভিত্তিতে নতুন প্রশাসক নিয়োগ হোক। আর কখনও যাতে দলীয় বিবেচনায় প্রশাসক নিয়োগ করা না হয়। পরিস্থিতি পরিবর্তনের সঙ্গে সঙ্গে সব প্রশাসনের একসাথে পদত্যাগ এমন যাতে আর না হয়। আমরা সব জায়গা থেকে স্বৈরাচার এবং লেজুড়ভিত্তিক আচরণের অবসান চাই। বিভাগ কর্তৃক অ্যাকাডেমিক মিটিং করে আপনারা দ্রুত বসে ক্লাস-পরীক্ষা চালুর ব্যাপারে সিদ্ধান্ত নিন। আগামী এক সপ্তাহের মধ্যে ক্লাস চালু না হলে তীব্র আন্দোলন করবো।

আরও পড়ুন: স্ত্রীর মামলায় জেল হাজতে ইবি শিক্ষক সঞ্জয়

নৃবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. ইব্রাহিমের অভিযোগ, আমাদের ক্লাস শুরু না হওয়ার পেছনে মূল কারণ শিক্ষকরা দায় নিতে চাচ্ছে না। এদিকে ঈদুল আজহার পর থেকে প্রায় তিন মাস আমাদের কোনো ক্লাস হচ্ছে না। ফলে সেশনজট তীব্র আকার ধারণ করছে। শিক্ষকদের কাছে আমরা বলবো, নিজ জায়গা থেকে আমাদের পাশে দাঁড়ান এবং ক্লাস শুরু করেন।

সঙ্গীত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জাহিন বিশ্বাস এষাদ বলেন, শিক্ষকরা আমাদের নিরাপত্তার কথা চিন্তা করে ক্লাস-পরীক্ষা চালু করছেন না। আমরা তাদের বলবো শিক্ষার্থীদের কথা চিন্তা করতে হবে না। এই সপ্তাহের মধ্যে আপনারা বিশ্ববিদ্যালয়ের পুরোদমে ক্লাস-পরীক্ষা চালু করেন। করোনা মহামারির কারণে আমরা এমনিতেই দেড় বছর পিছিয়ে। আমরা আর সেশনজটে পড়ে থাকতে চাই না।

অতি দ্রুত উপাচার্য নিয়োগ দিয়ে ক্লাস-পরীক্ষা চালুর দাবি জানান শিক্ষার্থীরা। এ সময় প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর