সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

থালা বাসান ধুতে গিয়ে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

জেলা প্রতিনিধি, রাজবাড়ী
প্রকাশিত: ২৬ জুন ২০২৪, ০৭:২৩ এএম

শেয়ার করুন:

থালা বাসান ধুতে গিয়ে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

কল পাড়ে থালা বাসন ধুতে গিয়ে রাজবাড়ীতে সাপের কামড়ে সুবিতা রানী দাস (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৫ জুন) সন্ধ্যায় রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়।

রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মো. আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।

সুবিতা রানী দাস জেলার কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের ধুবারিয়া গ্রামের ধিরেন্দ্রনাথ দাসের সহধর্মিনী। তবে হাসপাতালে আনার পর চিকিৎসকদের অবহেলায় ওই নারীর মৃত্যুর অভিযোগ করেছেন স্বজনরা।

মৃত সুবিতা রানী দাসের নাতি অন্তর কুমার দাস বলেন, বিকেল সাড়ে ৫টার দিকে বাড়ির টিউবওয়েলে বাসন পরিষ্কারের কাজ করছিলেন সুবিতা রানী দাস। ওই সময় হঠাৎ একটি গোখড়া সাপ তার ডান হাতে কামড় দেয়। পরিবারের সদস্যরা ওই সময়ই তার হাতে বাঁধন দিয়ে ৬টা ২০ মিনিটে রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসনে। হাসপাতালে নিয়ে আসার পর পরই চিকিৎসকরা অ্যান্টিভেনম না দিয়েই রোগীর অবস্থা দেখার জন্য হাতের বাঁধন খুলে দেয়। এ ঘটনার প্রায় ৫০ মিনিট পর ৭টা ১০ মিনিটে রোগীর মৃত্যু হয়। তিনি এই মৃত্যুর জন্য চিকিৎসকদের অবহেলাকে দায়ি করেন। মৃত্যুর সংবাদে স্বজনের আহাজারিতে হাসপাতাল চত্বর ভারি হয়ে ওঠে।

এ বিষয়ে রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মো. আব্দুল হান্নান বলেন, রোগীকে অ্যান্টিভেনম দেওয়ার আগেই মারা গিয়েছে। ওই সময় হাসপাতালে বৈকালিক চিকিৎসা সেবা দিচ্ছিল ডা. শামীম আহসান। এ বিষয়ে তিনি ভালো বলতে পারবেন।

এ বিষয়ে ডা. শামীম আহসান বলেন, রোগীকে হাসপাতালে সিরিয়াস অবস্থায় নিয়ে আসা হয়েছিল। অ্যান্টিভেনম দেওয়ার আগে কিছু প্রস্তুতি রয়েছে আমাদের। আমরা সেই সময়টুকু পাইনি। এর মাঝে রোগীর স্বজনরা রোগীকে ফরিদপুর নিয়ে যেতে চেয়েছিল। আমরা কাগজপত্র তৈরি করেছিলাম। কিন্তু তার আগেই রোগী মারা গেছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর