চুয়াডাঙ্গার জীবননগরে সমলিঙ্গে বিয়ের অভিযোগে এনায়েত উল্লাহ (২৫) ও সবুজ হোসেন (২৪) নামের দুই যুবককে আটক করেছে পুলিশ।
রোববার (২৩ জুন) দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে, শনিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সীমান্ত ইউনিয়নে হরিহরনগর থেকে তাদের আটক করা হয়।
আটক এনায়েত উল্লাহ হরিহননগর গ্রামের আব্দুল মজিদের ছেলে ও সবুজ হোসেন ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার স্বরুপপুর ইউনিয়নের কুশাডাঙ্গা গ্রামের আলাউদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, এনায়েত উল্লাহ বিবাহিত পুরুষ, তার তিন বছরের একটি কন্যা সন্তান রয়েছে। তিনি কুশাডাঙ্গা গ্রামের সবুজ নামের এক যুবকের সঙ্গে অবৈধ প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। তারা দাবি করেন দেড় মাস আগে তাদের বিয়ে হয়েছে। বিষয়টি জানা জানি হলে এনায়েত উল্লাহ এর স্ত্রী রাগ করে তার বাবার বাড়িতে চলে যান। স্ত্রী চলে যাওয়ার পর এনায়েত উল্লাহ তার দাবি করা কথিত স্ত্রী সবুজকে নিজ বাড়িতে নিয়ে আসেন এবং তারা রাতে অবস্থান করেন। এর পর এনায়েত উল্লাহ এর স্ত্রী জানতে পেরে তার ভাই এবং গ্রামের লোকজনকে সঙ্গে নিয়ে তার শ্বশুর বাড়ি হরিয়াননগর গ্রামে উপস্থিত হয়ে গ্রামবাসীদের সহযোগিতায় তাদের আটক করে রাখে।
সীমান্ত ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইশাবুল ইসলাম মিল্টন জানান, খবর পেয়ে জীবননগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং এনায়েত উল্লাহ ও সবুজকে আটক করে জীবননগর থানা হেফাজতে নেয়। ওদের মধ্যে একজন হিজরা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
জীবননগর থানার অফিসার ইনচার্জ এস এম জাবিদ হাসান বলেন, এনায়েত উল্লাহ ও সবুজ হোসেন একে অপরকে বিয়ে করে তারা এলাকায় ঘর-সংসার শুরু করলে তারা গ্রামবাসীর তোপের মুখে পড়ে। আমরা ঘটনা শুনে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করতে তাদেরকে আটক করি। তারা একে অপরকে বিয়ে করেছে মর্মে কোনো কাগজপত্র দেখাতে পারিনি। আজ রোববার তাদেরকে চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়।
প্রতিনিধি/ এজে




