ঝড়-বৃষ্টি কিংবা খারাপ আবহাওয়ায় বিমান সফর করা নিয়ে অনেক যাত্রীর মনেই নানা ভয় ও প্রশ্ন কাজ করে। বিশেষ করে বৃষ্টির কারণে চারপাশের দৃশ্যমানতা কমে গেলে পাইলটদের বিমান চালাতে কোনো সমস্যা হয় কি না, তা নিয়ে অনেকেই চিন্তায় থাকেন।
তবে বিশেষজ্ঞদের মতে, প্রতিকূল আবহাওয়াতেও বিমানে যাতায়াত সম্পূর্ণ নিরাপদ, কারণ বিমান চালকদের কাছে যেকোনো কঠিন পরিস্থিতিতে বিমান পরিচালনার জন্য বিশেষ কিছু যন্ত্র ও প্রযুক্তি থাকে। ককপিটের বাইরে সরাসরি দৃশ্যমানতার ওপর নির্ভর করতে না পারলেও বিশেষ ফ্লাইট ইনস্ট্রুমেন্টের সাহায্যে তারা নিরাপদে বিমান চালাতে সক্ষম হন।
বৃষ্টির মধ্যে নিরাপদে বিমান চালানোর জন্য বেশ কিছু আধুনিক সরঞ্জাম ও প্রযুক্তি ব্যবহার করা হয়। এর মধ্যে অন্যতম হলো উইন্ডস্ক্রিন ওয়াইপার, যা সাধারণত টেক-অফ এবং ল্যান্ডিংয়ের সময় সামনের কাচ পরিষ্কার রাখতে সাহায্য করে।
_20261106_104940915.jpeg)
এছাড়া বিমানের সামনের কাচে দৃশ্যমানতা বাড়ানোর জন্য বিশেষ ধরনের রেন রিপেলেন্ট তরল স্প্রে করা হয়, যাতে বৃষ্টির ফোঁটা কাচে না আটকে দ্রুত সরে যেতে পারে। যাত্রাপথের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে রিয়েল-টাইম তথ্য দিতে কাজ করে শক্তিশালী ওয়েদার রাডার। এই রাডার নেভিগেশন ডিসপ্লের মাধ্যমে সামনের আবহাওয়ার তীব্রতা ও গতিপ্রকৃতি পাইলটকে জানিয়ে দেয়।
বৃষ্টি বা ভেজা আবহাওয়ায় বিমান অবতরণের সময় রানওয়েতে পানি জমে চাকা পিছলে যাওয়ার ঝুঁকি থাকে। এই বিপদ এড়াতে অ্যান্টি-স্কিড সিস্টেম চাকার ব্রেকিং নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করে, ফলে বিমান পিছলে যাওয়ার আশঙ্কা কমে যায়।
আরও পড়ুন: বিমানবালা নিয়ে ১০ মজার তথ্য আপনাকে অবাক করবে
অন্যদিকে, উচ্চতায় অতিরিক্ত ঠান্ডায় বিমান যখন বরফ জমার মতো আবহাওয়ার মুখোমুখি হয়, তখন অ্যান্টি-আইস ব্যবস্থা তাপ প্রয়োগ করে বিমানের নির্দিষ্ট অংশে বরফ জমতে বাধা দেয়। এই সমস্ত আধুনিক প্রযুক্তির সমন্বয়ে ঝড়-বৃষ্টির মাঝেও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা হয়।
এজেড




