ইয়েমেনের হুতি গোষ্ঠীর হামলার পর সৌদি আরবের রিয়াদের বাদশা খালিদ বিমানবন্দর বন্ধ থাকায় ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের সব ফ্লাইট ২১ অক্টোবর পর্যন্ত বাতিল করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
সোমবার (১২ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ। এছাড়া বেসরকারি বিমান সংস্থাটির ভেরিফায়েড ফেসবুক পেজেও বিষয়টি শেয়ার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রিয়াদ এয়ারপোর্ট বন্ধ থাকার কারণে আগামী ২১ অক্টোবর পর্যন্ত ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-৩৮১, বিএস ৩৮২ (ঢাকা-রিয়াদ-ঢাকা) ফ্লাইট সাময়িকভাবে বাতিল করা হয়েছে। ফ্লাইটের নতুন সময়সূচি নির্ধারিত হওয়া মাত্রই সংশ্লিষ্ট যাত্রীদের তা জানিয়ে দেওয়া হবে। এই পরিস্থিতিতে যাত্রীদের আপাতত বিমানবন্দরে না যাওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
এছাড়া, ফ্লাইটের বর্তমান স্ট্যাটাস, পুনরায় টিকেট বুকিং এবং যেকোনো তথ্যের জন্য বিমানবন্দরে যাওয়ার আগেই এয়ারলাইন্সের সেলস কাউন্টার অথবা নির্ধারিত ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগের অনুরোধ করা হয়েছে।
ভ্রমণে সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে যাত্রীদের ধৈর্য ধরার ও সহযোগিতা করার অনুরোধ জানিয়েছে ইউএস-বাংলা কর্তৃপক্ষ।
এ সংক্রান্ত সহযোগিতার জন্য ০৯৬১৩৭১৩৬০৫, ১৩৬০৫ অথবা +৮৮০১৭৭৭৭৭৭৮০০-৮০৬ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
এমআর




