সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ঢাকা

হুতিদের হামলা: ৩ দিনে ঢাকা টু রিয়াদের ৯ ফ্লাইট বাতিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ১১:৫৯ এএম

শেয়ার করুন:

হুতিদের হামলা: ৩ দিনে ঢাকা টু রিয়াদের ৯ ফ্লাইট বাতিল

ইয়েমেনের শিয়া ইসলামপন্থী রাজনৈতিক ও সামরিক সংগঠন হুতিদের হামলার জেরে আজ সকালে ঢাকা থেকে রিয়াদগামী আরও দুটি ফ্লাইট বাতিল করা হয়েছে। এ নিয়ে গত তিন দিনে বাতিল হলো এই রুটের ৯টি ফ্লাইট। 

সোমবার (১২ অক্টোবর) বেবিচকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাওছার মাহমুদ এ তথ্য জানান।  

তিনি জানান, হুথি হামলার কারণে শনিবার থেকে সোমবার সকাল পর্যন্ত মোট ৯টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি, সৌদিয়ার তিনটি এবং রিয়াদ এয়ারের তিনটি।

এর ফলে চরম ভোগান্তিতে রয়েছেন এসব ফ্লাইটের মোট ৩ হাজার ১২ জন যাত্রী।

এর আগে শনিবার (১০ অক্টোবর) সৌদি আরবের রাজধানী রিয়াদে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি সশস্ত্র গোষ্ঠী হামলা চালায়। এতে ১২ জন নিহত হন, যাদের মধ্যে দুজন বাংলাদেশি। এছাড়া হামলায় বাংলাদেশিসহ আহত হন আরও অন্তত ৩০৯ জন।

সর্বশেষ রোববার (১১ অক্টোবর) রাতে ফের ওই বিমানবন্দরে হামলা চালায় হুতি। এ ঘটনায় একজন পাকিস্তানি নাগরিক নিহত হন এবং আহত হন ১১ জন। এ নিয়ে গত এক সপ্তাহে রিয়াদ বিমানবন্দরে অন্তত পাঁচবার হামলা হয়েছে। এর মধ্যে গত বৃহস্পতিবার এক পাইলটসহ তিন সৌদির নাগরিক নিহত হন।

হুথিরা ওই দিন বিমানবন্দরের অবকাঠামোর পাশাপাশি সৌদিয়া এয়ারলাইন্সের একটি বিমানকেও টার্গেট করে হামলা চালায়। এতে ওই পাইলটের মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।

প্রায় দুই মাস ধরে ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহী এবং সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটছে। হুতিরা এক্ষেত্রে রিয়াদ বিমানবন্দরকে সবচেয়ে বড় টার্গেটে পরিণত করেছে। 

তারা এর আগে সতর্কতা দিয়েছিল, যদি কোনো বিমানসংস্থা সৌদির আকাশ দিয়ে বিমান চালায় তাহলে কঠোর পরিণতি ভোগ করতে হবে। সেই হুমকির পরই গত শনিবার রিয়াদের বিমানবন্দরে হামলা চালানো হয়।

ওই হামলার পর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা ১২ অক্টোবর (সোমবার) পর্যন্ত স্থগিত রাখা হয়েছে বলে জানায় দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (জিএসিএ)। রোববার ও সোমবার মিলিয়ে ৬ শতাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে। 

এদিকে গত শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়, ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে সংস্থাটি। এ ক্ষেত্রে ‘অনিবার্য পরিচালনগত কারণ’-এর কথা উল্লেখ করা হয়।

বিমান জানায়, রিয়াদে তাদের নির্ধারিত ফ্লাইট বিজি-৩৩৯ এবং বিজি-৩৪০ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। এই ফ্লাইটগুলোর যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার জন্য অনুরোধ করা হয়।

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর