মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ঢাকা

৫০১ সিসি ইঞ্জিনের শক্তিশালী বাইক আনল হোন্ডা, দাম ২ লাখ ৭৫ হাজার

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ০১:২৮ পিএম

শেয়ার করুন:

৫০১ সিসি ইঞ্জিনের শক্তিশালী বাইক আনল হোন্ডা, দাম ২ লাখ ৭৫ হাজার
বাজারে ৫০১ সিসির শক্তিশালী ইঞ্জিনসমৃদ্ধ নতুন মোটরসাইকেল হোন্ডা সিবি৫০০ উন্মোচন করেছে হোন্ডা।

বাজারে ৫০১ সিসির শক্তিশালী ইঞ্জিনসমৃদ্ধ নতুন মোটরসাইকেল হোন্ডা সিবি৫০০ উন্মোচন করেছে হোন্ডা। তিনটি সংস্করণে আসা এই বাইকটির ভারতীয় দাম ধরা হয়েছে ২ লাখ ৭৫ হাজার রুপি।
জুলাই মাসে ভারতের বাজারে একাধিক নতুন মডেলের পরিকল্পনা প্রকাশের সময় বাইকটি প্রথম সামনে এনেছিল নির্মাতা প্রতিষ্ঠানটি। এবার আনুষ্ঠানিকভাবে এর বিক্রি শুরু হলো। বড় ক্ষমতার এয়ার কুলড একক সিলিন্ডার মোটরসাইকেলের দীর্ঘদিনের শূন্যতা পূরণে নতুন এই বিকল্প নিয়ে এসেছে হোন্ডা।

হোন্ডা সিবি৫০০ মোট তিনটি সংস্করণে বাজারে এসেছে। সংস্করণগুলো হলো অ্যালয়, স্পোক এবং স্পোক উইথ স্ট্রাইপ। প্রতিটি সংস্করণে চাকার ধরন, রঙ এবং নকশার ক্ষেত্রে ভিন্নতা রয়েছে। এক্স শোরুম মূল্য অনুযায়ী অ্যালয় সংস্করণের দাম ২ লাখ ৭৫ হাজার রুপি, স্পোক সংস্করণের দাম ৩ লাখ রুপি এবং স্পোক উইথ স্ট্রাইপ সংস্করণের দাম ৩ লাখ ২ হাজার রুপি।

প্রারম্ভিক অ্যালয় সংস্করণটি পার্ল ইগনিয়াস ব্ল্যাক এবং পার্ল ডিপ গ্রাউন্ড গ্রে রঙে পাওয়া যাবে। মাঝারি স্পোক সংস্করণে ক্রস স্পোক টিউবলেস রিম যুক্ত করা হয়েছে, যা রেবেল রেড মেটালিক ও ম্যাট স্টিল সিলভার মেটালিক রঙে পাওয়া যাবে। আর সবচেয়ে দামি স্পোক উইথ স্ট্রাইপ সংস্করণটি পার্ল ইগনিয়াস ব্ল্যাক রঙে বিশেষ স্ট্রাইপসহ বাজারে এসেছে।

বাইকটির প্রধান আকর্ষণ এর সম্পূর্ণ নতুন ৫০১ সিসির একক সিলিন্ডার এয়ার ও অয়েল কুলড ইঞ্জিন। এটি ৫ হাজার ২৫০ আরপিএমে সর্বোচ্চ ২৮ অশ্বশক্তি বা হর্সপাওয়ার এবং ৩ হাজার ৭৫০ আরপিএমে সর্বোচ্চ ৪৩ দশমিক ৩ নিউটন মিটার টর্ক উৎপন্ন করতে পারে।

IMG_4395

ইঞ্জিনের সঙ্গে ৫ গতির গিয়ারবক্স এবং স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ যুক্ত করা হয়েছে। কম গতিতে এবং শহরের যানজটে বাইক চালানোর সময় ক্লাচ ব্যবহারের সুবিধা বাড়াতে এই প্রযুক্তি সহায়তা করে। ভারতের বাজারে এটিই হোন্ডার সবচেয়ে বড় ক্ষমতার এয়ার কুলড একক সিলিন্ডার মোটরসাইকেল।

নিরাপত্তার জন্য বাইকটির সামনে ও পেছনে ডুয়াল ডিস্ক ব্রেক এবং ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম বা এবিএস দেওয়া হয়েছে। এতে সামনে ১৯ ইঞ্চি এবং পেছনে ১৭ ইঞ্চির চাকা ব্যবহার করা হয়েছে। সাসপেনশনের জন্য সামনে প্রচলিত টেলিস্কোপিক ফর্ক এবং পেছনে প্রিলোড সামঞ্জস্যযোগ্য গ্যাস চার্জড টুইন শক অ্যাবজর্ভার রয়েছে।

আরও পড়ুন: বিক্রি তলানিতে নামায় টিভিএসের এই মোটরসাইকেলের উৎপাদন বন্ধ

বাইকটির কার্ব ওজন ১৮৯ কেজি, যেখানে হোন্ডা সিবি৩৫০ এর ওজন ১৮১ কেজি এবং রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০ এর ওজন ১৯৫ কেজি। এ ছাড়া বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৬৮ মিলিমিটার।

তিনটি সংস্করণেই বেশ কিছু আধুনিক প্রযুক্তি মানসম্মত ফিচার হিসেবে যুক্ত করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো হোন্ডা সিলেক্টেবল টর্ক কন্ট্রোল বা ট্র্যাকশন কন্ট্রোল। পাশাপাশি এতে অ্যানালগ ডিজিটাল যন্ত্রপাতির প্যানেল এবং হোন্ডা রোডসিঙ্ক সংযোগ সুবিধা রয়েছে, যার মাধ্যমে চালক স্মার্টফোন সংযুক্ত করে বাইকের প্রয়োজনীয় তথ্য দেখতে পারবেন। রেট্রো নকশার সঙ্গে আধুনিক প্রযুক্তির সমন্বয়ে বাইকটি তৈরি করা হয়েছে।

ভারতের বাজারে রয়্যাল এনফিল্ড ২০২০ সালে তাদের ৫০০ সিসির ইউসিই ইঞ্জিনের মডেলগুলো বন্ধ করে দেওয়ার পর এই শ্রেণিতে বড় কোনো বিকল্প ছিল না। হোন্ডা সিবি৫০০ সেই শূন্যস্থান পূরণ করবে বলে ধারণা করা হচ্ছে। রয়্যাল এনফিল্ডের ৬৫০ সিসি টুইনস সিরিজের বাইকগুলোর দাম ৩ লাখ ৩৮ হাজার রুপি থেকে শুরু হওয়ায় ২ লাখ ৭৫ হাজার রুপির সিবি৫০০ সাশ্রয়ী বিকল্প হিসেবে বাজারে জায়গা করে নেবে।

স্থানীয়ভাবে ভারতেই তৈরি হচ্ছে হোন্ডা সিবি৫০০। ৩৫০ সিসির বেশি ক্ষমতার মোটরসাইকেলে ৪০ শতাংশ পণ্য ও সেবা কর বা জিএসটি কার্যকর থাকলেও দেশীয় উৎপাদনের কারণে বাইকটির দাম প্রতিযোগিতামূলক রাখা সম্ভব হয়েছে। ইতিমধ্যে বাইকটির আগাম বুকিং শুরু হয়েছে এবং ২০২৬ সালের শেষ নাগাদ গ্রাহকদের হাতে এটি পৌঁছে যাবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর