রোববার, ১ নভেম্বর, ২০২৬, ঢাকা

সুজুকি অ্যাক্সেস ১২৫ বনাম টিভিএস জুপিটার ১২৫: কোন স্কুটার কিনবেন?

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৬, ১০:০০ এএম

শেয়ার করুন:

সুজুকি অ্যাক্সেস ১২৫ বনাম টিভিএস জুপিটার ১২৫: কোন স্কুটার কিনবেন?
সুজুকি অ্যাক্সেস ১২৫ বনাম টিভিএস জুপিটার ১২৫: কোন স্কুটার কিনবেন?

পরিবারের জন্য নতুন স্কুটার কেনার পরিকল্পনা থাকলে সুজুকি অ্যাক্সেস ১২৫ এবং টিভিএস জুপিটার ১২৫, এই দুই মডেলই তালিকায় রাখতে পারেন। দুটিই ১২৫ সিসির অটোমেটিক স্কুটার। ভারতের দিল্লিতে এক্স-শোরুম দামও প্রায় একই, শুরু যথাক্রমে ৮২,১৮৫ রুপি এবং ৮১,৭০০ রুপি থেকে। তবে দাম কাছাকাছি হলেও জায়গা, মাইলেজ, ফিচার, নিরাপত্তা এবং পারফরম্যান্সের দিক থেকে দুটির মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে। কোন স্কুটারটি পরিবারের দৈনন্দিন ব্যবহারের জন্য বেশি উপযোগী, আর কোনটি চালানোর আনন্দ ও পারফরম্যান্সে এগিয়ে, তা বুঝতে কয়েকটি গুরুত্বপূর্ণ দিক তুলনা করা যাক।

দামের দিক থেকে দুই স্কুটারের বেস ভ্যারিয়েন্টের মধ্যে পার্থক্য মাত্র ৪৮৫ রুপি। ফলে শুধু প্রারম্ভিক দাম দেখে কোনো একটি মডেল বেছে নেওয়ার বিশেষ কারণ নেই। সুজুকি অ্যাক্সেস ১২৫-এর স্ট্যান্ডার্ড এডিশন থেকে শুরু করে রাইড কানেক্ট এবিএস এডিশন পর্যন্ত বিভিন্ন ভ্যারিয়েন্ট রয়েছে। অন্যদিকে টিভিএস জুপিটার ১২৫-এর ড্রাম অ্যালয় থেকে শুরু করে স্মার্টকনসেক্ট ভ্যারিয়েন্ট পর্যন্ত বিকল্প রয়েছে। অ্যাক্সেস ১২৫-এ জুপিটারের তুলনায় দুটি বেশি ভ্যারিয়েন্ট রয়েছে। এর কারণ, সুজুকির উচ্চতর দুটি ভ্যারিয়েন্টে এবিএস ব্রেকিং সিস্টেম দেওয়া হয়েছে। অন্যদিকে জুপিটারের কোনো ভ্যারিয়েন্টেই এবিএস নেই। চারটি ভ্যারিয়েন্টেই রয়েছে সিঙ্ক্রোনাইজড ব্রেকিং ব্যবস্থা। অতিরিক্ত নিরাপত্তার জন্য ক্রেতাকে বেশি টাকা দিয়ে অ্যাক্সেসের এবিএস সংস্করণ কিনতে হবে।

দুটি স্কুটারের দৈর্ঘ্য ও ওজন প্রায় কাছাকাছি। তবে আসনের দৈর্ঘ্য এবং আন্ডার-সিট স্টোরেজের ক্ষেত্রে টিভিএস জুপিটার ১২৫ স্পষ্টভাবে এগিয়ে। জুপিটার ১২৫-এর ৩৩ লিটারের বুটে একটি ফুল-ফেস হেলমেটের পাশাপাশি ছোট একটি বাজারের ব্যাগও রাখা সম্ভব। অ্যাক্সেস ১২৫-এর বুটে একটি ফুল-ফেস হেলমেট রাখা যায় না। ফলে যারা স্কুটারে নিয়মিত বাজার করেন বা বেশি জিনিসপত্র বহন করেন, তাদের কাছে জুপিটার বেশি সুবিধাজনক হতে পারে। পেছনে শিশু বা বয়স্ক পরিবারের সদস্যকে নিয়ে যাতায়াতের ক্ষেত্রেও জুপিটারের উচ্চতর ভ্যারিয়েন্টে থাকা কুশনযুক্ত ব্যাকরেস্ট কাজে আসবে। অ্যাক্সেসের আসন শহরের মধ্যে ছোট যাত্রার জন্য আরামদায়ক হলেও ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার একটানা চালানোর পর কিছুটা শক্ত মনে হতে পারে।

scooti

দৈনন্দিন ব্যবহারের সুবিধার ক্ষেত্রে টিভিএস জুপিটার ১২৫ কিছু অতিরিক্ত ফিচার দেয়। এতে রয়েছে আইডল স্টার্ট-স্টপ প্রযুক্তি, ডিস্ট্যান্স-টু-এম্পটি ডিসপ্লে এবং অ্যাপ্রনে ইউএসবি চার্জিং পোর্ট। সিগন্যালে দাঁড়ালে ইঞ্জিন স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় এবং প্রয়োজন হলে আবার চালু হয়। এতে জ্বালানি সাশ্রয় হতে পারে। অন্যদিকে সুজুকি অ্যাক্সেস ১২৫-এর রাইড কানেক্ট সংস্করণে নেভিগেশন, কল ও এসএমএস অ্যালার্ট পাওয়া যায়। জুপিটারের স্মার্টকনসেক্ট সংস্করণে রয়েছে ভয়েস নেভিগেশন, কল এবং সোশ্যাল মিডিয়া অ্যালার্ট। ব্রেকিং সিস্টেমের ক্ষেত্রে অ্যাক্সেস ১২৫-এর উচ্চতর ভ্যারিয়েন্টে এবিএস থাকার সুবিধা রয়েছে। বিশেষ করে ভেজা রাস্তায় হঠাৎ সামনে কোনো গাড়ি চলে এলে এবিএস নিয়ন্ত্রণ ধরে রাখতে সাহায্য করতে পারে।

আরও পড়ুন: হিরো ডেস্টিনি ১১০ ক্ল্যাসিক এডিশন: সবচেয়ে কম দামের স্কুটার

দুটি স্কুটারেই প্রায় একই ক্ষমতার ইঞ্জিন রয়েছে। তবে চালানোর অভিজ্ঞতায় কিছু পার্থক্য রয়েছে। পারফরম্যান্সের দিক থেকে অ্যাক্সেস ১২৫ কিছুটা এগিয়ে। শূন্য থেকে ষাট কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে পৌঁছতে এর সময় লাগে সাত দশমিক চার চার সেকেন্ড। জুপিটার ১২৫-এর ক্ষেত্রে সময় লাগে আট দশমিক দুই এক সেকেন্ড। দ্রুত পিক-আপ, বেশি গতিতে মসৃণ চলা এবং ফ্লাইওভারে ওভারটেক করার ক্ষেত্রে অ্যাক্সেসের সুবিধা রয়েছে। অন্যদিকে মাইলেজের পরীক্ষায় জুপিটার ১২৫ এগিয়ে। শহরের রাস্তায় এটি প্রতি লিটারে সাতান্ন দশমিক দুই সাত কিলোমিটার এবং হাইওয়েতে বায়ান্ন দশমিক নয় এক কিলোমিটার চলেছে। অ্যাক্সেস ১২৫-এর ক্ষেত্রে শহরের রাস্তায় পাওয়া গিয়েছে চুয়ান্ন থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি লিটার। জুপিটার ১২৫-এর পেছনের চাকা তুলনামূলক বড় হওয়ায় বেশি গতিতেও স্থিতিশীলতার অনুভূতি পাওয়া যায়।

পরিবারের প্রত্যেকের ব্যবহারের কথা মাথায় রাখলে জুপিটার ১২৫ বেশি কার্যকর বিকল্প। বড় স্টোরেজ, পেছনের যাত্রীর জন্য আরামদায়ক আসন, ব্যাকরেস্ট এবং ভালো মাইলেজ দৈনন্দিন ব্যবহারে সুবিধা দেবে। এর ডিস্ক ভ্যারিয়েন্টকে যুক্তিসঙ্গত পছন্দ বলা যায়। তবে নেভিগেশন ও ব্যাকরেস্ট চাইলে স্মার্টকনসেক্ট ভ্যারিয়েন্ট বিবেচনা করতে পারেন। অন্যদিকে যারা দ্রুত পিক-আপ, মসৃণ পারফরম্যান্স এবং এবিএস-এর মতো অতিরিক্ত নিরাপত্তা বৈশিষ্ট্য চান, তাদের জন্য অ্যাক্সেস ১২৫ ভালো বিকল্প। এই মডেলের স্পেশাল এডিশন অথবা বাজেট কিছুটা বাড়াতে পারলে রাইড কানেক্ট এবিএস এডিশন বিবেচনা করা যেতে পারে। পরিবারের দৈনন্দিন যাতায়াত, বেশি জিনিস বহন এবং জ্বালানি সাশ্রয় যদি অগ্রাধিকার হয়, তাহলে টিভিএস জুপিটার ১২৫ এগিয়ে। আর চালানোর আনন্দ, দ্রুত পারফরম্যান্স ও এবিএস চাইলে সুজুকি অ্যাক্সেস ১২৫ বেছে নেওয়া যেতে পারে।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর