ভারতের বাজারে নিজেদের জনপ্রিয় ডেস্টিনি ১১০ স্কুটারের নতুন ক্ল্যাসিক এডিশন উন্মোচন করল হিরো মোটোকর্প। চমৎকার বাহ্যিক স্টাইলিং ও আকর্ষণীয় রঙের ব্যবহারে সাজানো এই নতুন সংস্করণের এক্স-শোরুম মূল্য নির্ধারণ করা হয়েছে ৭৬,৪০০ রুপি। হিরোর এই সিরিজের স্কুটারগুলোর মধ্যে এটি অত্যন্ত সাশ্রয়ী ও আকর্ষণীয় একটি মডেল হিসেবে বাজারে আনা হয়েছে। মূল মডেলের ভিত্তি ঠিক রেখে এতে বেশ কিছু আধুনিক নকশাগত পরিবর্তন আনা হলেও এর যান্ত্রিক বৈশিষ্ট্যে কোনো পরিবর্তন করা হয়নি।
নতুন ক্ল্যাসিক এডিশনটির সবচেয়ে বড় আকর্ষণ হলো এর বৈচিত্র্যময় রঙের কাজ। নতুন সংস্করণটি তিনটি আলাদা ও এক্সক্লুসিভ রঙে কেনা যাবে। এর সিলভার ও গ্রে রঙের স্কুটারে যুক্ত করা হয়েছে বিশেষ ব্রাউন রঙের ইনার প্যানেল। অন্যদিকে ব্রাউন রঙের সংস্করণে বিপরীতধর্মী ব্ল্যাক ইনার প্যানেলের সমন্বয় দেখা যাবে। এর পাশাপাশি বডি রঙের সঙ্গে মানানসই ব্যাক-ভিউ মিরর, স্কুটারের পাশে সুন্দর নতুন স্ট্রাইপ এবং বিশেষ থ্রিডি এমব্লেম স্কুটারটির প্রিমিয়াম লুক আরো বাড়িয়ে দিয়েছে।

ইঞ্জিন ও পারফরম্যান্সের দিক থেকে স্কুটারটিতে আগের মতোই ১১০.৯ সিসির এয়ার-কুলড সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এই ইঞ্জিন থেকে সর্বোচ্চ ৮.২ হর্সপাওয়ার শক্তি এবং ৮.৭ নিউটন-মিটার টর্ক পাওয়া যায়। গতি ও দৈনন্দিন যাতায়াতের জন্য স্কুটারটির সামনে ও পেছনে রয়েছে ১২ ইঞ্চির চাকা, আর সুরক্ষার জন্য এতে ড্রাম ব্রেকের ব্যবস্থা রাখা হয়েছে।
আরও পড়ুন: ২০২৬ সালে ২ লাখ বিক্রির মাইলফলকে হিরো ভিদা ই-স্কুটার
হিরো ডেস্টিনি ১১০-এর সাধারণ ভিএক্স সংস্করণের তুলনায় নতুন এই ক্ল্যাসিক এডিশনটির দাম রাখা হয়েছে মাত্র ১,৪০০ রুপি বেশি। তবে উন্নত ফিচারসংবলিত শীর্ষ জেডএক্স মডেলের দাম বর্তমানে ৮৩,৮০০ রুপি। হিরোর অফিশিয়াল ওয়েবসাইটসহ দেশের বিভিন্ন শোরুমে ইতিমধ্যেই সাশ্রয়ী ও আকর্ষণীয় নতুন এই স্কুটারটি পাওয়া যাচ্ছে।
এজেড




