তিনশ পঞ্চাশ সিসির কম ইঞ্জিন ক্ষমতার মোটরসাইকেলের জন্য কম জিএসটি সুবিধা কাজে লাগাতে নতুন বাইক আনার প্রস্তুতি নিতে পারে মোটরসাইকেল প্রস্তুতকারক প্রতিষ্ঠান হার্লে-ডেভিডসন। সম্প্রতি অনলাইনে সামনে এসেছে সংস্থাটির সম্ভাব্য নতুন মডেল 'এক্স৩৫০ টি'-এর ছবি। বাইকটির নকশা অনেকটাই 'এক্স৪৪০ টি' মডেলের মতো হলেও সবচেয়ে বড় পরিবর্তন আসতে পারে ইঞ্জিনে। ৪৪০ সিসির বদলে এতে ৩৫০ সিসির নিচের ইঞ্জিন ব্যবহার করা হতে পারে, যদিও প্রতিষ্ঠানটি এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
গত এক বছরে ভারতের সংশোধিত জিএসটি কাঠামোর সুবিধা নিতে একাধিক সংস্থা তাদের মোটরসাইকেলে পরিবর্তন এনেছে। বিশেষ করে ৩৫০ সিসি পর্যন্ত ইঞ্জিন ক্ষমতার বাইকের উপর করের হার কম থাকায় বাজাজ, কেটিএম এবং ট্রায়াম্ফ-এর মতো সংস্থাগুলো নতুন কৌশল নিয়েছে। সংশোধিত আইন অনুযায়ী, ৩৫০ সিসি পর্যন্ত মোটরসাইকেলের ওপর ১৮ শতাংশ জিএসটি প্রযোজ্য হলেও এর বেশি ক্ষমতার বাইকের ক্ষেত্রে এই হার দাঁড়ায় ৪০ শতাংশে। ৩৫০ সিসির নিচে ইঞ্জিন রাখা হলে করের হার কমে আসায় সেই সুবিধা পেতে একই পথে হাঁটতে পারে হার্লে-ডেভিডসন।
_20261031_103151327.jpeg)
সামনে আসা ছবিতে বাইকটির সামগ্রিক নকশায় হার্লে-ডেভিডসন এক্স৪৪০ টি-এর সঙ্গে যথেষ্ট মিল পাওয়া গিয়েছে। এতে নতুন কমলা রঙের বিকল্প ও সংশোধিত গ্রাফিক্স দেখা গেলেও ফ্রেম, চ্যাসিসের বিভিন্ন উপাদান এবং গোলাকার ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার আগের মডেলের মতোই রয়েছে। তবে আন্তর্জাতিক বাজারে বিক্রি হওয়া প্যারালাল-টুইন ইঞ্জিনের হার্লে-ডেভিডসন এক্স৩৫০-এর সঙ্গে সম্ভাব্য এই নতুন মডেলটি এক নয়, এটি মূলত এক্স৪৪০ টি-এর ওপর ভিত্তি করেই ছোট সংস্করণে তৈরি করা হচ্ছে বলে অনুমান করা হচ্ছে।
আরও পড়ুন: বাজাজের নতুন ডুয়াল-স্পোর্টস বাইকে ৬ স্পিড গিয়ারবক্স: জানুন ফিচার
বর্তমানে হার্লে-ডেভিডসন এক্স৪৪০ টি-এর এক্স-শোরুম দাম শুরু হচ্ছে ২ লাখ ৮৬ হাজার রুপি থেকে। নতুন এক্স৩৫০ টি ভারতে বাজারে এলে কম জিএসটি-র সুবিধা কাজে লাগিয়ে সংস্থাটি প্রতিযোগী মূল্যে বাইকটি বিক্রির সুযোগ পাবে। ইতিপূর্বে ট্রায়াম্ফ তাদের ৪০০ সিসি প্ল্যাটফর্মের কিছু মডেলে ৩৪৯ সিসির ইঞ্জিন ব্যবহার করায় দাম সর্বোচ্চ ১১ হাজার রুপি পর্যন্ত কমেছিল। ৩৫০ সিসির নিচের ইঞ্জিন নিয়ে এক্স৩৫০ টি বাজারে এলে তা সরাসরি রয়্যাল এনফিল্ড, ট্রায়াম্ফ এবং হোন্ডার একাধিক জনপ্রিয় মডেলের সঙ্গে শক্ত প্রতিযোগিতায় নামবে।
এজেড




