বাংলাদেশের তরুণ প্রকৌশলীদের প্রযুক্তিগত দক্ষতা ও উদ্ভাবনী সক্ষমতাকে উৎসাহিত করতে প্রদান করা হয়েছে মর্যাদাপূর্ণ ‘হোন্ডা ইয়ং ইঞ্জিনিয়ার অ্যান্ড সায়েন্টিস্ট’স (ওয়াই-ই-এস) অ্যাওয়ার্ড ২০২৫। আজ সোমবার (২৪ আগস্ট ২০২৬) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও, ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত জাপান দূতাবাসের মন্ত্রী ও উপপ্রধান (ডেপুটি চিফ অব মিশন) নাওকি তাকাহাশি; হোন্ডা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এবং ওয়াই-ই-এস অ্যাওয়ার্ড প্রোগ্রামের মূল্যায়নকারী অধ্যাপক টাটিও আরিমোতো; প্রখ্যাত অভিনেতা, পরিচালক, লেখক এবং হোন্ডা ওয়াই-ই-এস অ্যাওয়ার্ড প্রোগ্রামের মূল্যায়নকারী এস. এ. আবুল হায়াত; বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সুসুমু মরিসাওয়া; বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার এবং ওয়াই-ই-এস অ্যাওয়ার্ড প্রোগ্রামের মূল্যায়নকারী শাহ মোহাম্মদ আশিকুর রহমান, এফসিএ; হোন্ডা ফাউন্ডেশনের মহাসচিব গাকু আজুমাই; জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন সেন্টারের (জাইস) বাংলাদেশস্থ কান্ট্রি ডিরেক্টর ইউকিয়োশি মাতসুদা; সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের (বুয়েট, চুয়েট, কুয়েট, রুয়েট) প্রতিনিধিরা এবং অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশে নিযুক্ত জাপান দূতাবাসের মন্ত্রী ও উপপ্রধান নাওকি তাকাহাশি তার বক্তব্যে বলেন, “হোন্ডা সবসময় মানুষ ও সমাজের কল্যাণে প্রযুক্তির ব্যবহারে বিশ্বাসী। ওয়াই-ই-এস অ্যাওয়ার্ড বিজ্ঞান ও প্রযুক্তিতে ভবিষ্যৎ নেতৃত্ব দেওয়ার সম্ভাবনাময় তরুণ প্রকৌশলী ও বিজ্ঞানীদের জন্য একটি চমৎকার উদ্যোগ। আমি বিশ্বাস করি, আজকের পুরস্কারপ্রাপ্ত তরুণদের উদ্ভাবনী চিন্তা ও সমাধান ভবিষ্যতে বাংলাদেশসহ বিশ্বের টেকসই উন্নয়ন ও সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”
হোন্ডা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এবং ওয়াই-ই-এস অ্যাওয়ার্ড প্রোগ্রামের মূল্যায়নকারী অধ্যাপক টাটিও আরিমোতো বলেন, “হোন্ডা ওয়াই-ই-এস অ্যাওয়ার্ডের লক্ষ্য হলো বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের মাধ্যমে সমাজে অবদান রাখার সম্ভাবনা রয়েছে—এমন প্রতিভাবান তরুণ প্রকৌশলী ও বিজ্ঞানীদের স্বীকৃতি দেওয়া এবং উৎসাহিত করা। বাংলাদেশের তরুণ শিক্ষার্থীদের ধারাবাহিক আগ্রহ ও সম্ভাবনা দেখে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা আশা করি, অ্যাওয়ার্ডপ্রাপ্তরা তাদের জ্ঞান ও দক্ষতাকে আরও সমৃদ্ধ করবেন, দৃষ্টিভঙ্গির পরিধি প্রসারিত করবেন এবং একটি অধিক টেকসই ভবিষ্যৎ গঠনে অবদান রাখবেন। একই সঙ্গে তারা বাংলাদেশ ও জাপানের মধ্যকার বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ককে আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখবেন।”
আরও পড়ুন: পেট্রোল-অকটেন কি লিটারে ভরবেন নাকি টাকার অংকে? কোনটা লাভজনক
অনুষ্ঠানে জানানো হয়, তরুণ প্রকৌশলী ও বিজ্ঞানীদের মেধা, প্রযুক্তিগত দক্ষতা এবং উদ্ভাবনী সক্ষমতাকে স্বীকৃতি ও উৎসাহ দিতে হোন্ডা ফাউন্ডেশন ২০০৬ সাল থেকে বিভিন্ন দেশে হোন্ডা ওয়াই-ই-এস অ্যাওয়ার্ড প্রদান করে আসছে। বাংলাদেশে ২০১৯ সালে প্রথমবারের মতো এ অ্যাওয়ার্ড কার্যক্রম শুরু হয়। এরই ধারাবাহিকতায় হোন্ডা ফাউন্ডেশনের উদ্যোগে এবং বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড এর সহযোগিতায় এ বছরের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এবারের হোন্ডা 'ইয়ং ইঞ্জিনিয়ার অ্যান্ড সায়েন্টিস্ট’স (ওয়াই-ই-এস) অ্যাওয়ার্ড ২০২৫' বিজয়ীরা হলেন- সাকিফ নাঈব রাইয়ান (বুয়েট), কাজী তাজগীর তাহমিন রেভান (বুয়েট), মো: আদনান রহমান (বুয়েট) এবং লাইলাতুল বরাত সিদ্দিকা (কুয়েট)।
চার বিজয়ীর প্রত্যেককে ৩,০০০ মার্কিন ডলার, মেডেল ও সার্টিফিকেট প্রদান করা হয়। এছাড়া, নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে জাপানে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ গ্রহণের ক্ষেত্রে ‘হোন্ডা ওয়াই-ই-এস প্লাস’ কর্মসূচির আওতায় সর্বোচ্চ ১০,০০০ মার্কিন ডলার পর্যন্ত আর্থিক সহায়তা পাওয়ার সুযোগ রয়েছে।
এজেড




