মোটরসাইকেল বা স্কুটার চালানোর সময় নেভিগেশনের জন্য হ্যান্ডেলে ফোন মাউন্ট ব্যবহার করেন অনেকেই। তবে দীর্ঘ সময় ধরে এভাবে ফোন ব্যবহার করলে ক্যামেরার মারাত্মক ক্ষতি হতে পারে, যা অনেকেই জানেন না। বিশেষ করে দামি স্মার্টফোনগুলোর ক্যামেরা নষ্ট হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি।
কীভাবে ক্ষতিগ্রস্ত হয় স্মার্টফোনের ক্যামেরা?
বাইক বা স্কুটার চলার সময় প্রচুর কম্পন তৈরি হয়। এই তীব্র ভাইব্রেশন ফোনের ক্যামেরায় থাকা অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) এবং অটোফোকাসের মতো সংবেদনশীল যান্ত্রিক ব্যবস্থার মারাত্মক ক্ষতি করে।

দীর্ঘ সময় ধরে তীব্র কম্পনের মধ্যে থাকলে ক্যামেরার ফোকাস করার ক্ষমতা স্থায়ীভাবে কমে যেতে পারে। অনেক সময় ক্যামেরা ঠিকমতো ফোকাস করা বন্ধ করে দেয় কিংবা ভিডিও রেকর্ডিংয়ের সময় স্টেবিলাইজেশন পুরোপুরি কার্যকারিতা হারায়।
কোন ক্ষেত্রে ঝুঁকি বেশি থাকে?
যে সমস্ত বাইকে ইঞ্জিনের কম্পন বেশি অনুভূত হয়, সেখানে ঝুঁকি বেশি থাকে। এছাড়া নিয়মিত অত্যন্ত খারাপ ও খানাখন্দে ভরা রাস্তায় যাতায়াত করলে এবং দীর্ঘ সময় ধরে হাই-স্পিডে বাইক চালিয়ে টানা ফোন মাউন্ট ব্যবহার করলে এই সমস্যা হওয়ার সম্ভাবনা বহুলাংশে বেড়ে যায়।

ক্যামেরা সুরক্ষায় করণীয়
বাইকে ফোন ব্যবহার করতে হলে অবশ্যই ভাইব্রেশন ড্যাম্পনার-যুক্ত ফোন মাউন্ট ব্যবহার করুন। এই অ্যাক্সেসরি কম্পন অনেকটাই শোষণ করে ক্যামেরার ওপর চাপ কমায়।
আরও পড়ুন: অফিসে যাতায়াতের জন্য সেরা ১২৫ সিসি বাইক
খুব খারাপ রাস্তায় চলার সময় যতটা সম্ভব ফোন মাউন্টে ফোন না রাখাই শ্রেয়। পাশাপাশি, নেভিগেশনের প্রয়োজন না থাকলে ফোনটি সুরক্ষিতভাবে পকেট বা ব্যাগে রেখে দেওয়া সবসময়ই নিরাপদ।
এজেড




