প্রতিদিনের কর্মব্যস্ত জীবনে অফিস যাতায়াতের জন্য নির্ভরযোগ্য একটি বাহন বড় প্রয়োজন। বিশেষ করে ১২৫ সিসি সেগমেন্টের বাইকগুলো মাইলেজ এবং পারফরম্যান্সের এক দারুণ ভারসাম্য বজায় রাখে। তাই যারা প্রতিদিন দীর্ঘ পথ পাড়ি দেন, তাদের জন্য বর্তমান বাজারে সেরা চারটি বাইকের বিস্তারিত তথ্য ও তুলনা নিচে দেওয়া হলো।
বাজাজ সিটি ১২৫এক্স
যারা রাফ অ্যান্ড টাফ ডিজাইনের বাইক পছন্দ করেন, তাদের জন্য বাজাজ সিটি ১২৫এক্স একটি আদর্শ পছন্দ। এর মজবুত ফুয়েল ট্যাংক, হেডল্যাম্প গ্রিল এবং মোটা রাবার প্যাড একে এক ধরনের অ্যাডভেঞ্চার লুক দেয়। ১২৪.৪ সিসির ইঞ্জিনসহ এই বাইকটি খারাপ রাস্তায় চলাচলের জন্য অত্যন্ত উপযোগী। এর দাম শুরু হয়েছে ৭৪ হাজার ১৬ টাকা থেকে। পারফরম্যান্সের দিক থেকে এটি ১০.৭ হর্সপাওয়ার শক্তি উৎপন্ন করে এবং ৬০ থেকে ৬৫ কিলোমিটার প্রতি লিটার মাইলেজ দিতে সক্ষম। মোবাইল চার্জিংয়ের জন্য এতে ইউএসবি পোর্টও রয়েছে।
আরও পড়ুন: বৃষ্টি ভেজা রাস্তায় বাইকের চাকা পিছলে যায়? ঝুঁকি এড়াতে মানুন এই ৪ টিপস
হোন্ডা শাইন ১২৫
পারিবারিক ব্যবহারের জন্য হোন্ডা শাইন ১২৫ দশকের পর দশক ধরে জনপ্রিয়তা ধরে রেখেছে। এর ক্লাসিক ডিজাইন এবং আরামদায়ক সিটিং পজিশন একে শহরের যানজটে চালানোর জন্য আরামদায়ক করে তুলেছে। ১২৩.৯৪ সিসির এই বাইকের ইঞ্জিন বেশ শান্ত ও পরিশীলিত। এর দাম শুরু হয়েছে ৮২ হাজার ২৫৩ টাকা থেকে। এতে সাইলেন্ট স্টার্টার এবং সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট-অফ ফিচারের মতো আধুনিক নিরাপত্তা সুবিধা রয়েছে। এটি সাধারণত ৫৫ থেকে ৬০ কিলোমিটার প্রতি লিটার মাইলেজ দিয়ে থাকে।

হিরো এক্সট্রিম ১২৫আর
তরুণ প্রজন্মের স্পোর্টি লুকের চাহিদা মেটাতে হিরো নিয়ে এসেছে এক্সট্রিম ১২৫আর। শার্প এলইডি হেডল্যাম্প এবং স্প্লিট সিট সেটআপের কারণে বাইকটিকে দেখতে বেশ আক্রমণাত্মক মনে হয়। ১২৪.৭ সিসির ইঞ্জিনসহ এই বাইক ১১.৫৫ পিএস শক্তি উৎপন্ন করে। ৯১,৫০০ টাকা থেকে শুরু হওয়া এই বাইকে ফুল ডিজিটাল এলসিডি কনসোল, ব্লুটুথ কানেক্টিভিটি এবং সিঙ্গেল চ্যানেল এবিএস রয়েছে। এত স্পোর্টি লুক হওয়া সত্ত্বেও এটি ৬৬ কিলোমিটার প্রতি লিটার পর্যন্ত মাইলেজ দিতে পারে।
টিভিএস রাইডার ১২৫
ভবিষ্যৎমুখী রোবোটিক ডিজাইনের কারণে টিভিএস রাইডার ১২৫ তরুণদের প্রথম পছন্দ হয়ে উঠেছে। ১২৪.৮ সিসির ৩-ভালভ অয়েল-কুলড ইঞ্জিনসহ এই বাইকটি ১১.২ হর্সপাওয়ার শক্তি ও ১১.৭৫ নিউটন মিটার টর্ক প্রদান করে। এর দাম ৮২ হাজার টাকা থেকে ৯৭ হাজার ৫০ টাকার মধ্যে। এর বিশেষ আকর্ষণীয় ফিচারের মধ্যে রয়েছে টিএফটি ডিসপ্লে, টার্ন-বাই-টার্ন নেভিগেশন এবং ইকো ও পাওয়ার রাইডিং মোড। ইকো মোডে এই বাইক ৫৬ থেকে ৬০ কিলোমিটার প্রতি লিটার মাইলেজ প্রদান করে।
এজেড




