বর্ষাকাল মানেই সড়কে চলাচলে বাড়তি সতর্কতা ও চ্যালেঞ্জ। প্রবল বৃষ্টিতে ঝাপসা হয়ে আসা ভিউ মিরর বা গাড়ির কাচে ফগ (কুয়াশা) জমে যাওয়া চালকদের জন্য একটি সাধারণ কিন্তু বড় সমস্যা। এই অস্বস্তিকর পরিস্থিতি এড়াতে সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি ঘরোয়া টিপস ভাইরাল হয়েছে— েআর তা হলো কাচে আলু ঘষার কৌশল। কিন্তু প্রশ্ন হলো, আলু কি সত্যিই এই সমস্যার সমাধান করতে পারে?
ভাইরাল কৌশলের পেছনের বিজ্ঞান
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই পদ্ধতি অনুযায়ী, আলু কেটে সেটির ভেতরের অংশ গাড়ির সামনের কাচে বা মিররে ভালো করে ঘষে দিতে হয়। অনেকের মতে, আলুতে থাকা প্রাকৃতিক স্টার্চ এবং শর্করা কাচের ওপর একটি অদৃশ্য পাতলা স্তর তৈরি করে। এই স্তরের কারণে বৃষ্টির পানি কাচে জমে না থেকে দ্রুত গড়িয়ে নেমে যায় এবং ফগ জমার প্রবণতা কিছুটা কমে, যা চালকের দৃষ্টিসীমা বা দৃশ্যমানতা উন্নত করতে পারে।

পদ্ধতিটি যেভাবে প্রয়োগ করবেন
যারা এই ঘরোয়া পদ্ধতিটি পরীক্ষা করতে চান, তাদের জন্য প্রক্রিয়াটি বেশ সহজ-
প্রথমে একটি আলু মাঝখান থেকে কেটে নিন।
কাটা অংশটি গাড়ির কাচ ও মিররে ভালোভাবে ঘষে নিন।

কাচে আলুর স্টার্চের একটি সাদাটে স্তর তৈরি হবে। সঙ্গে সঙ্গে না মুছে কিছুক্ষণ অপেক্ষা করুন।
স্তরটি পুরোপুরি শুকিয়ে গেলে একটি পরিষ্কার ও শুকনো কাপড় দিয়ে কাচটি মুছে পরিষ্কার করে নিন।
আরও পড়ুন: সবচেয়ে কম দামের ইলেকট্রিক গাড়ি বিক্রি করছে টাটা
এটি একটি বহুল প্রচলিত ঘরোয়া উপায় হলেও, এর কার্যকারিতা নিয়ে নির্ভরযোগ্য বৈজ্ঞানিক প্রমাণ সীমিত। বিশেষজ্ঞরা মনে করেন, এটি সাময়িক সমাধান হতে পারে, তবে স্থায়ী কোনো সমাধান নয়। এর বিকল্প হিসেবে বাজারে পাওয়া ভালো মানের 'অ্যান্টি-ফগ' স্প্রে ব্যবহার করা অনেক বেশি কার্যকর এবং নিরাপদ।
বর্ষাকালে নিরাপদ যাতায়াতের জন্য শুধু ঘরোয়া কৌশলের ওপর ভরসা না করে নিয়মিত গাড়ির কাচ পরিষ্কার রাখা এবং প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ নিশ্চিত করাই সবচেয়ে জরুরি।
এজেড




